বাগদাদ, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বাগদাদে বুধবার আত্মঘাতীসহ পৃথক বোমা হামলায় ৩৯ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে ১৪৪ জন।
এদের মধ্যে সুন্নি অধ্যুষিত আদামিয়াহ জেলায় শিয়া তীর্থযাত্রীদের ওপর আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত ও ৮১ জন আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।
খাদিমিয়াহ থেকে টাইগ্রিস নদীর তীরে আধামিয়াহ জেলা অবস্থিত। শিয়াদের সম্মানিত ১২ ইমামের মধ্যে ৭ম মুসা খাদিমের নামে এ এলাকার নামকরণ করা হয়েছে।
মুসা খাদিমের সমাধিস্থলে যাওয়ার পথে আত্মঘাতী বোমা হামলার শিকার হন তারা।
এছাড়া বাগদাদের পৃথক তিনটি স্থানে বোমা হামলায় আরো ১১ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
এদিকে তীর্থযাত্রীদের আগমন উপলক্ষ্যে বাগদাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার থেকে বিভিন্ন স্থানে সাধারণ জনগণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বাগদাদের নিরাপত্তারক্ষাকারী বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাশেম আত্তা এএফপিকে জানান, "তীর্থ যাত্রীদের রক্ষা করতে রাস্তা বন্ধসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটর সাইকেল, বাই সাইকেল ও গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।"
২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর থেকেই ইরাকের সংখ্যা গরিষ্ঠ শিয়ারা সশস্ত্র সুন্নি গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এমনকি ইমাম মুসা খাদিমের সমাধিও এ হামলা থেকে রেহাই পায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৮ঘ.
bdnews24