২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোহানের কারাদণ্ড

মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহানকে ৯০ দিন কারাভোগের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 08:23 AM

Updated : 25 Aug 2022, 01:29 PM

বেভারলি হিলস, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহানকে ৯০ দিন কারাভোগের আদেশ দিয়েছে আদালত। ২০০৭ সালে মাতাল অবস্থায় গাড়ি চালানো ও মাদক বিষয়ক ক্লাসে অনুপস্থিতির জন্য মঙ্গলবার এ সাজার রায় ঘোষণা করে আদালত। বেভারলি হিলস সুপিরিয়র কোর্টের বিচারক মার্শা রেভেল কারাভোগের জন্য লোহানকে আগামী ২০ জুলাই রিপোর্ট করতে বলেছেন। আদালতের রায় শোনার পর কান্নায় ভেঙ্গে পড়েন লোহান (২৪)। রায় ঘোষণার আগে আরো একটি সুযোগ চেয়ে আদালতকে তিনি বলেন, মাদক বিষয়ক ক্লাসকে তিনি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। লোহান বলেন, "আমি এটাকে মজা হিসেবে গ্রহণ করিনি। এটা আমার জীবন। এটা আমার ক্যারিয়ার। এটা এমন একটি বিষয় যার জন্য সারা জীবন আমি কাজ করেছি।" কিন্তু আদালত তার আবেদন গ্রহণ করেনি। আদালত জানায়, ২০০৭ সালে তিনবার পুনর্বাসন কেন্দ্রে থাকা লোহান গত ছয় মাসে সাতটি ক্লাসে যায়নি। আর প্রতি সপ্তাহে একটি করে সভায় যোগ দেওয়ার কথা থাকলেও তা সে করেনি। ২০০৭ সালে মাতাল অবস্থায় গাড়ি চালানো ও কোকেন রাখার অভিযোগে লোহানকে আটক করার পর তিন বছর ধরে মাদক বিষয়ক ক্লাসে যোগ দেওয়ার নির্দেশ দেয় আদালত। ১১ বছর বয়সে 'দ্য প্যারেন্ট ট্র্যাপ' সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি পান লোহান। তাকে হলিউডের অল্প বয়সী প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে অন্যতম মনে করা হয়। ২০০৩ ও ২০০৪ সালে যথাক্রমে 'ফ্রেকি ফ্রাইডে' ও 'মিন গার্লস' সিনেমার কারণে খ্যাতির শীর্ষে পৌঁছান তিনি। বর্তমানে ৭০'র দশকের এক পর্নো তারকার জীবনী অবলম্বনে নির্মিতব্য একটি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন লোহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪১৬ঘ.