২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা বাড়ালো থাইল্যান্ড

থাইল্যান্ডে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় মঙ্গলবার ব্যাংককসহ ১৯ টি প্রদেশে জরুরি অবস্থা আরো তিন মাস বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 01:25 PM

ব্যাংকক, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- থাইল্যান্ডে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় মঙ্গলবার ব্যাংককসহ ১৯ টি প্রদেশে জরুরি অবস্থা আরো তিন মাস বাড়ানো হয়েছে। থাই সরকারের জারি করা জরুরি অবস্থায় সচ্ছ্বতার অভাব আছে এবং এতে বাক-স্বাধীনতা মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে-- মানবাধিকার সংগঠনগুলোর এ অভিযোগের মধ্যেই জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এ পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। এপ্রিলে ব্যাংককে লাল শার্টদের সরকারবিরাধী বিক্ষোভ-সহিংসতায় ৯০ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ জরুরি অবস্থা জারি করা হয়। ওই বিক্ষোভকে কেন্দ্র করে আবারো অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি অবস্থা বাড়ালো সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, ৭৬ টি প্রদেশের মধ্যে ১৯ টিতে জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়েছে। আর জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে অন্য ৫ টি প্রদেশে। সরকারের সহকারী মুখপাত্র সুপাচাই জাইসমাত বলেছেন, মন্ত্রিসভা ৫ টি প্রদেশে জরুরি অবস্থা তুলে নেওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু আগে থেকেই জরুরি অবস্থার আওতাভুক্ত বাদবাকী প্রদেশগুলোতে তা বহাল থাকবে। জরুরি অবস্থার আওতায় ৫ জনের বেশি লোক সমাগম নিষিদ্ধ এবং সন্দেহভাজনকে কোনো অভিযোগ ছাড়াই ৩০ দিন আটকে রাখার ক্ষমতা থাকছে নিরাপত্তা বাহিনীর হাতে। জরুরি অবস্থার মধ্যে থাইল্যান্ডে গ্রেপ্তার হয়েছে ৪শ'রও বেশি মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২৩ ঘ.