২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা নেই: ইসরায়েল

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান মঙ্গলবার বলেছেন, গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহরে হামলার ঘটনায় তুরস্কের কাছে ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছা তার দেশের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 01:20 PM

রিগা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান মঙ্গলবার বলেছেন, গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহরে হামলার ঘটনায় তুরস্কের কাছে ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছা তার দেশের নেই। এর আগে এ ঘটনায় ক্ষমা না চাইলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয় তুরস্ক। সোমবার হুরিয়েত সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেন, "গত ৩১ মে গাজামুখী ত্রাণবহরে হামলার ঘটনায় ইসরায়েলের সামনে তিনটি পথ খোলা রয়েছে। তা হলো, তুরস্কের কাছে ক্ষমা চাওয়া নতুবা আন্তর্জাতিক তদন্ত কমিশনের ফল মেনে নেওয়া। আর নয়ত তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া।" গত ৩১ মে গাজা অভিমুখী ত্রাণজাহাজ মাভি মারমারায় ইসরায়েলি নৌ কমান্ডোদের হামলায় তুরস্কের ৯ ত্রাণকর্মী নিহত হয়। এ ঘটনায় লিবারম্যান তুরস্কের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, "আমাদের ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছা নেই। বরং আমরা এর উল্টোটাই হওয়া উচিত বলে মনে করি।" লিবারম্যান বর্তমানে লাটভিয়া সফর করছেন। তুরস্ক এখনো ত্রাণজাহাজে ইসরায়েলি হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে আসছে। তবে হামলার ঘটনা তদন্তে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব প্রত্যাখান করে ইসরায়েল যে কমিশন গঠন করেছে তাও প্রত্যাখ্যান করেননি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "হামলাটা যে অন্যায় ছিল কমিশন যদি এ সিদ্ধান্তে আসে এবং ক্ষমা চায়, তাহলেই তা যথেষ্ট হবে।" কিরগিজস্তান সফর করে দেশে ফেরার পথে বিমানে বসে দেওয়া এ সাক্ষাৎকারে আহমেদ বলেন, হামলার প্রতিবাদ হিসেবে তাদের আকাশসীমা দিয়ে ইসরায়েলের যে কোনো সামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে তুরস্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯২২ ঘ.