২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি তুরস্কের

গাজামুখী ত্রাণবাহরে হামলার জন্য ক্ষমা না চাইলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 09:44 AM

Updated : 25 Aug 2022, 01:22 PM

আঙ্কারা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- গাজামুখী ত্রাণবাহরে হামলার জন্য ক্ষমা না চাইলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে তুরস্ক। সোমবার হুরিয়েত সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেন, "গত ৩১ মে গাজাগামী ত্রাণবহরে কমান্ডো অভিযানের জন্য ইসরায়েল ক্ষমা না চাইলে বা আন্তর্জাতিক তদন্তের ফল না মানলে সম্পর্ক ভেঙে যাবে।" মাভি মারমারা নামের এ জাহাজে হামলায় মোট নয়জন নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন তুরস্কের নাগরিক। এ হামলার বিষয়ে এখন পর্যন্ত তুরস্ক আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে আসছে। তবে হামলার ঘটনা তদন্তে ইসরায়েল যে কমিশন গঠন করেছে তাও প্রত্যাখ্যান করেননি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "হামলাটা যে অন্যায় ছিল কমিশন যদি এ সিদ্ধান্তে আসে এবং ক্ষমা চায়, তাহলেই তা যথেষ্ট হবে।" তুরস্ক অবশ্য ইহুদি এ রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ চায় বলেও আহমেদ জানান। কিরগিজস্তান সফর করে দেশে ফেরার পথে বিমানে বসে দেওয়া এ সাক্ষাতকারে আহমেদ বলেন, হামলার প্রতিবাদ হিসেবে দেশটির ওপর দিয়ে ইসরায়েলের যেকোনো সামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে তুরস্ক। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো ধরনের ক্ষমা চাওয়ার বিষয়টি শুক্রবার প্রত্যাখ্যান করেছেন। আহমেদের মন্তব্যের পর সোমবার ইসরায়েলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ইসরায়েল নিজেকে রক্ষার জন্য কখনই দুঃখ প্রকাশ করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫৩৮ঘ.