২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে ফ্রান্সের দুই মন্ত্রীর পদত্যাগ

ব্যক্তিগত কাজে বিমান ভাড়া ও সিগারেট কিনতে জনগণের করের হাজার হাজার ইউরো ব্যয় করার অভিযোগে রোববার ফ্রান্সের দুই প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 07:32 AM

Updated : 25 Aug 2022, 01:22 PM

প্যারিস, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- ব্যক্তিগত কাজে বিমান ভাড়া ও সিগারেট কিনতে জনগণের করের হাজার হাজার ইউরো ব্যয় করার অভিযোগে রোববার ফ্রান্সের দুই প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। এরা হলেন, পররাষ্ট্র উন্নয়ন প্রতিমন্ত্রী অ্যালেন জয়ানদেত (৫৬) ও বৃহত্তর প্যারিস অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী খ্রিস্টিয়ান ব্ল্যাঙ্ক (৬৮)। প্রেসিডেন্ট অফিসের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, "প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।" সরকারের মুখপাত্র লুক চাটেল এএফপিকে জানান, প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও প্রধানমন্ত্রী ফ্যাসোয়া ফিলন রোববার তাদেরকে পদত্যাগ করতে বলেন। মার্টিনিক-এ আয়োজিত হাইতির ভূমিকম্পের ওপর এক জরুরি সভায় যোগ দিতে ১১৬, ৫০০ ইউরো (১৫৭,০০০ ডলার) ব্যয়ে বিমান ভাড়া করায় গত মার্চ মাসে জয়ানদেত সমালোচনার মুখে পড়েন। গত মাসে সেন্টা ট্রোপেজে চিক রিভিয়েরা রিসোর্টে অবৈধভাবে নিজের বাড়ির বর্ধিতাংশ নির্মাণের অনুমতি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আর গত জুন মাসে করদাতাদের দেওয়া ১২ হাজার ইউরো (১৪৭০০ ডলার) কিউবান সিগারেটের জন্য ব্যয় করার অভিযোগ পাওয়া যায় ব্ল্যাঙ্কের বিরুদ্ধে। রোববার পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে জয়ানদেত তার ব্লগে লেখেন, "সম্মানিত ব্যক্তি হিসেবে, আমি এসব অভিযোগ গ্রহণ করতে পারিনা। বেশ চিন্তা ভাবনার পর, আমি সরকার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।" এতে তিনি আরো বলেন, "আমার ব্যক্তিগত কাজে বা কাছের কারো জন্য জনগণের একটি ইউরোও ব্যবহার করা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩১৯ঘ.