তেহরান, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য মানুষের মতো চলাফেরায় সক্ষম নতুন একটি রোবট তৈরি করেছে ইরান। ইরানের সরকারি সংবাদপত্র রোববার এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাচীন পারস্যের একজন যোদ্ধার নাম অনুযায়ী রোববটির নাম রাখা হয়েছে সুরেনা-২। প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ শনিবার এটি উদ্বোধন করেছেন। রোবটটি উচ্চতায় ১ দশমিক ৪৫ মিটার (৪ দশমিক ৭ ফুট) এবং ওজন ৪৫ কিলোগ্রাম (৯৯ পাউন্ড)।
সংবাদপত্রটি আরো জানায়, রোবটির বিশিষ্টতা হচ্ছে এটি হাত-পা নেড়ে মানুষের মত ধীরে ধীরে হাঁটে। রোবটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি ঝুঁকিপূর্ণ কাজে কোন ব্যক্তির পরিবর্তে বা তাকে সাহায্য করার জন্য ব্যবহার করা যায়।
প্রতিবেদনে রোবটটির কর্মক্ষমতা সম্পর্কে জানানো হয়নি।
বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর ক্রমাগত আন্তর্জাতিক চাপ বাড়ার মাঝেই দেশটি গত কয়েক বছরে ক্লোনিং, স্টেম সেল গবেষণা ও স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে বেশ কিছু বৈজ্ঞানিক প্রকল্প পরিচালনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৮ঘ.
bdnews24