২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় পেট্রোলবাহী লরি বিস্ফোরণে মৃতের সংখ্যা ২৩০

কঙ্গোর পূর্বাঞ্চলীয় সাউথ কিভু প্রদেশে পেট্রোলবাহী লরি বিস্ফোরণ ও তা থেকে একটি গ্রামে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৩০। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 06:05 AM

Updated : 25 Aug 2022, 01:18 PM

কিনশাসা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- কঙ্গোর পূর্বাঞ্চলীয় সাউথ কিভু প্রদেশে পেট্রোলবাহী লরি বিস্ফোরণ ও তা থেকে একটি গ্রামে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৩০। এ ঘটনায় কমপক্ষে ২১৪ জন আহত হয়েছে। রেড ক্রসের এক কর্মকর্তা শনিবার একথা জানান। কঙ্গোলিজ রেড ক্রসের কর্মকর্তা দিজারি কামা প্রাদেশিক সরকারের বরাত দিয়ে বলেন, এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩০ জনে দাড়িয়েছে এবং অন্তত ২১৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৬১ জন শিশু ও ৩৬ জন নারী রয়েছে। জাতিসংঘের কঙ্গো মিশনের এক কর্মকর্তা জানান, এ দুর্ঘটনা থেকে লোকজনকে বাঁচাতে গিয়ে শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্যও মারা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে ৫ পাকিস্তানি সেনাও রয়েছে। সাউথ কিভু প্রদেশের গভর্নর মারচেলিয়ন কিসাম্বো বলেন, একটি তেলবোঝাই লরি উল্টে গেলে এ বিষ্ফোরণ ঘটে। লরিটি উল্টে যাওয়ার পর পেট্রোল বের হতে থাকে এবং এক পর্য়ায়ে ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। এতে নিকটবর্তী গ্রাম সাঙ্গেতে আগুন ছড়িয়ে পড়ে। কিসাম্বো বলেন, "তেল চুরি করতে গিয়ে কিছু লোক নিহত হয়েছে। কিন্তু বেশিরভাগই মারা গেছেন যারা ঘরের ভিতর বিশ্বকাপের খেলা দেখছিলেন।" কিসাম্বো আরো বলেন, প্রাদেশিক রাজধানী বুকাভু এবং বুরুন্ডির সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর উভিরার সংযোগসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/এএইচ/কেএমএস/১১৫৯ ঘ.