শ্রীনগর, ভারত (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে শুক্রবার কারফিউ চলাকালে ভারতবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সহিংসতায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মিছিলে পুলিশ ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসও ছোঁড়ে।
পুলিশ জানায়, কাশ্মির উপত্যকাজুড়ে দিনভর সংঘর্ষে ৩ মহিলা ও ৫ পুলিশসহ প্রায় ২৫ জন আহত হয়েছে।
বিচ্ছিন্নতাবাদীদের মিছিল নিয়ন্ত্রণ করতে গত মাসে পুলিশ ও আধা-সামরিক বাহিনীর গুলিতে একজন বেসামরিক লোক মারা যাওয়ার পর থেকে কাশ্মিরজুড়ে অবরোধ, মিছিল এবং কারফিউ চলছে।
মুসলিমদের সাপ্তাহিক জুমা নামাজের দিন শুক্রবার মসজিদে যেন অতিরিক্ত মানুষ জমায়েত হতে না পারে এজন্য মুসলিম অধ্যুষিত কাশ্মিরের প্রধান শহরগুলোতে ঐ দিন সেনারা কঠোর কারফিউ জারি করে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে পুলিশ আধা-সামরিক সেনাদের সহায়তায় কাঁটাতারের বেড়া দিয়ে জমায়েত নিয়ন্ত্রণ করে। পাশাপাশি নিরাপত্তার কাজে নিয়েজিত গাড়িগুলো দিয়ে রাস্তা বন্ধ করে রাখে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, "গুরুত্বপূর্ণ শহরগুলোতে কঠোর কারফিউ জারি করা হয়েছে এবং কাউকে এ তা লঙ্ঘণ করতে দেওয়া হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২০৪ঘ.
bdnews24