২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান সফরে মার্কিন অ্যাটর্নি জেনারেল

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বুধবার এক সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 08:36 AM

Updated : 25 Aug 2022, 01:05 PM

ওয়াশিংটন, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বুধবার এক সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি আফগানিস্তান সফর করছেন বলে বিবৃতিতে বলা হয়েছে। কাবুলে পৌঁছে এক বিবৃতিতে হোল্ডার বলেন, "এ প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বের বিষয় হলো আফগানিস্তানে দুর্নীতি রোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তা করা। তাই আমরা দেশটিতে কার্যকারী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা ও তার স্থায়ী রূপ দিতে আফগান সরকারকে সহায়তা প্রদান অব্যাহত রাখব।" যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এরিক হোল্ডার। তিনি এফবিআই ও ড্রাগ এনফোরসমেন্ট এজেন্সি'র (ডিইএ) মতো সংস্থারও দায়িত্বে রয়েছেন। ডিইএ'র এক বিবৃতিতে বলা হয়েছে, "আফগানিস্তানে মাদক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সামর্থ বৃদ্ধির জন্য কাজ করা প্রয়োজন। কারণ জঙ্গি কার্যক্রমে অর্থ সরবরাহকারী মাদক চোরাচালানকারী সংস্থাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ধ্বংস করা আইনি প্রতিষ্ঠানগুলোর সামর্থ বৃদ্ধি ছাড়া সম্ভব নয়।" যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অপহরণ, দুর্নীতিসহ অন্যান্য অপরাধ সংঘটন রোধের জন্য আফগানিস্তানের প্রধান অপরাধ নিয়ন্ত্রণকারী সংস্থাকে সহায়তা করছে। যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ও আইনজীবীদের মধ্যে দীর্ঘমেয়াদে পারস্পারিক সহায়তামূলক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে হোল্ডার আলোচনা করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বের সর্বোচ্চ দুর্নীতি প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম একটি আফগানিস্তান। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের প্রেক্ষিতে সোমবার এক জ্যেষ্ঠ মার্কিন আইন প্রণেতা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে পাঠাতে চাওয়া কয়েক বিলিয়ন ডলারের অর্থ সহায়তা আটকে দিয়েছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার আগ পর্যন্ত একটি মুদ্রাও দেশটিতে পাঠাতে না দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৪৩৩ ঘ.