২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার পদত্যাগে মালদ্বীপে রাজনৈতিক অচলাবস্থা

মালদ্বীপে মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের ফলে বুধবার থেকে কার্যত সরকারহীন হয়ে পড়েছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 07:13 AM

Updated : 25 Aug 2022, 01:06 PM

কলম্বো, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মালদ্বীপে মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের ফলে বুধবার থেকে কার্যত সরকারহীন হয়ে পড়েছে দেশটি। প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও বিরোধীদল নিয়ন্ত্রিত পার্লামেন্টের ক্ষমতার দ্বন্দ্বে মঙ্গলবার এই গণপদত্যাগের ঘটনা ঘটে। মজলিস বা পার্লামেন্ট নির্বাহী ক্ষমতাকে খর্ব করে দেশ পরিচালনায় বাধা দিচ্ছে অভিযোগ করে মন্ত্রিসভার ১৩ সদস্য পদত্যাগ করেন। কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট নাশিদ নতুন মন্ত্রিসভার নাম ঘোষণায় বিলম্ব করছেন। ২০০৮ সালে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে ক্ষমতায় আসেন নাশিদ। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক জেষ্ঠ্য কর্মকর্তা টেলিফোনে এএফপিকে জানান, "পার্লামেন্টের সমস্যা সমাধানের আগে নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করে কোনো লাভ নেই। আমাদের এখন একটি রাজনৈতিক অচলাবস্থা চলছে।" মালদ্বীপের জাতীয় পরিষদ মজলিসের ৭৭ টি আসনের মধ্যে ৩২ টি আসন প্রেসিডেন্ট নাশিদের 'মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির। অপরদিকে ৪০টিরও বেশি আসন মালদ্বীপ পিপলস পার্টির দখলে। নাশিদ অভিযোগ করে বলেছেন, পার্লামেন্টের সংস্যাগরিষ্ঠতার সুবিধা নিয়ে বিরোধী দল বেসরকারিকরণ কর্মসূচিসহ বিভিন্ন নীতিমালায় বাধা দিয়ে সরকার পরিচালনা প্রক্রিয়াকে ব্যাহত করছে। এক বিবৃতিতে মঙ্গলবার তিনি বলেন, "মন্ত্রিসভার সদস্যদের তাদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে মজলিস। এ সদস্যরা সংবিধান ও নিয়ম বহির্ভূত আচরণ করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩০৫ঘ.