ম্যানিলা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার জনসমক্ষে শপথ নেবেন বেনিঙ্গো অ্যাকুইনো।
পুলিশ জানিয়েছে, ম্যানিলা বে'র কাছে অবস্থিত কুইরিনো গ্র্যান্ডস্ট্যান্ডে আয়োজিত এ অনুষ্ঠান দেখতে প্রায় ৫ লাখ মানুষ জড়ো হয়েছে এবং আরো দর্শক সমাগম ঘটবে বলেও আশা করা হচ্ছে।
শপথ অনুষ্ঠান দেখতে আসা জনগণের অনেকের পরনেই রয়েছে হলুদ রংয়ের পোশাক। ১৯৮৬ সালের পিপল পাওয়ার রেভ্যুলুশনের রং ছিল হলুদ যার মাধ্যমে একনায়ক ফার্দিনান্দ মারকোসকে উচ্ছেদ করে অ্যাকুইনোর মা কোরাজন অ্যাকুইনো ক্ষমতা গ্রহণ করেন।
অনুষ্ঠানে যোগ দেওয়া সোনিয়া দো লা ক্রজ বলেন, "২৪ বছর আগে তার মায়ের রাজনৈতিক শোভাযাত্রার জন্য আমি এখানে এসেছিলাম এবং এখন নোয়নোয়'র (অ্যাকুইনোর ডাক নাম) শপথ নেওয়া দেখতে এসেছি কারণ আমি চাই সে সফল হোক।"
মঙ্গলবার অ্যাকুইনো জানান, আরোয়োর বিরুদ্ধে দুর্নীতি, নির্বাচনী প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ রয়েছে তা তদন্তে ট্রুথ কমিশন গঠন করা হবে। আরোয়া অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮৩ সালে দেশে ফেরার পর ম্যানিলা বিমানবন্দরে বিরোধীদলীয় নেতা অ্যাকুইনোর পিতা বেনিঙ্গো অ্যাকুইনো জুনিয়রকে হত্যা করা হয়। আর গত বছরের আগস্ট মাসে মা কোরাজন অ্যাকুইনোর মৃত্যুর পরই অ্যাকুইনোর ক্ষমতা গ্রহণের বিষয়টি সামনে চলে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৬ঘ.
bdnews24