২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান যুদ্ধে জুনে ১শ বিদেশি সেনা নিহত

আফগানিস্তানে তালেবানদের সঙ্গে যুদ্ধে জুন মাসে ১০০ বিদেশি সেনা নিহত হয়েছে। নয় বছরের যুদ্ধে ন্যাটো সেনাদের এক মাসে সর্বোচ্চ মৃত্যুর এ ঘটনা দেশটিতে ন্যটোর যুদ্ধ পরিচালনা কৌশল নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 01:00 PM

কাবুল, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-- আফগানিস্তানে তালেবানদের সঙ্গে যুদ্ধে জুন মাসে ১০০ বিদেশি সেনা নিহত হয়েছে। নয় বছরের যুদ্ধে ন্যাটো সেনাদের এক মাসে সর্বোচ্চ মৃত্যুর এ ঘটনা দেশটিতে ন্যটোর যুদ্ধ পরিচালনা কৌশল নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়েছে, আফগানিস্তানে ২৪ জুন এক মার্কিন সেনার মৃত্যুতে এ বছর মার্কিন ও ন্যাটো সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২০ এ। অথচ ২০০৯ সালে সারা বছর সেখানে ৫২০ জন ন্যাটো সেনা নিহত হয়। নিরপেক্ষ 'আইক্যাজুয়ালটিজ ডট অরগ' ওয়েবসাইটের তথ্যমতে, জুনে আফগানিস্তানে ১০০ জন বিদেশি সেনা নিহত হয়েছে। তবে ন্যাটোর 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটানস ফোর্স' এর (আইএসএএফ) এক মুখপাত্র বলেন, আফগান যুদ্ধে জুন মাসে আমাদের জানা মতে ৮১ জন সেনা নিহত হয়েছে। তিনি বলেন, ১২ জন সেনা যুদ্ধক্ষেত্রের বাইরে নিহত হয়েছে। যুদ্ধাহত সেনাদের মধ্যে যারা চিকিৎসার জন্য দেশে ফিরে মারা গেছেন আইএসএএফ তাদেরকে নিহত সেনাদের তালিকায় অন্তর্ভুক্ত করেনি। এর আগে সর্বোচ্চ সংখ্যক সেনা নিহত হয় গত আগস্টে এবং সে সংখ্যাটি ছিলো ৭৭। মার্কিন ও ন্যাটো বাহিনীর এক লাখ ৪০ হাজার সেনা আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধে নিয়োজিত রয়েছে। তালেবানদের বিরুদ্ধে পরিচালিত অভিযান আরো জোরদার করতে আগামী আগস্ট নাগাদ এ সেনা সংখ্যা এক লাখ ৫০ হাজার করার পরিকল্পনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৩২ ঘ.