নিউ ইয়র্ক, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- এক দশকব্যাপী তদন্ত চালিয়ে সন্ধান পাওয়া একটি রুশ গুপ্তচর চক্র ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদেশি চর সন্দেহে ওই চক্রের ১০ জন গ্রেপ্তার হয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলের চারটি রাজ্য থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পাঁচ সন্দেহভাজনকে সোমবার নিউ ইয়র্ক আদালতে হাজির করা হয়।
বিচারক জেমস কোট ২৭ জুলাই প্রাথমিক শুনানির আগ পর্যন্ত তাদের কারাগারে থাকার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানির কথা রয়েছে। অন্য সন্দেহভাজনদের ভার্জিনিয়া ও ম্যাসাচুসেটস আদালতে হাজিরের কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই'র দীর্ঘদিন গোপন পর্যবেক্ষণ চালিয়ে এ গোয়েন্দা চক্রের সন্ধান পায়।
চক্রটির আরেক সদস্য এখনও মার্কিন কর্তৃপক্ষের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। গোপনে মার্কিন নীতিনির্ধারণ সম্পর্কিত তথ্য মস্কোতে পাচার করাই ছিল এ চক্রের কাজ।
বিবিসি জানায় গ্রেপ্তারকৃতরা অভিযুক্ত হয়েছে। তারা কয়েক বছর ধরে সাধারণ সাগরিক হিসাবে একত্রে বসবাস করে এসেছে এবং বিদেশি সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ অপরাধের সাজা হতে পারে ৫ বছরের জেল।
ওাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এসমস্ত অভিযোগকে পরস্পরবিরোধী বলে মন্তব্য করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর লয়াকিন-ফ্রোলোভ বলেন, "আমরা তথ্যগুলো পড়ে দেখছি। এগুলোতে অনেক অসঙ্গতি আছে।"
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৩ ঘ.
bdnews24