তেহরান, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন করে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করায় পরমাণু পরিকল্পনা নিয়ে আলোচনার সময়সীমা পিছিয়ে দিয়ে পশ্চিমাদের শাস্তি দেবে বলে জানিয়েছে ইরান।
তাছাড়া পরমাণু কর্মসূচির অজুহাতে ইরানের কোনো জাহাজ তল্লাশি করা হলে তার সমুচিত জবাব দেওয়ার ব্যাপারেও পশ্চিমাদের সতর্ক করেছে দেশটি।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এক সংবাদ সম্মেলনে বলেন, "পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ইরান। তবে তা আগস্টের শেষদিকে মুসলমানদের ধর্মীয় উৎসব রমজানের মাঝামাঝি নাগাদ হতে হবে।"
তিনি বলেন, "অন্য জাতির সঙ্গে কিভাবে আলোচনায় বসতে হয় তাদের সে শিক্ষা দেওয়ার জন্য এ শাস্তি।"
পশ্চিমাদের সন্দেহ ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। কিন্তু তেহরান দাবি করছে, তাদের পরমাণু কর্মসূচি কেবলই জ্বালানি উৎপাদন এবং চিকিৎসা খাতে ব্যবহারের জন্য।
ইরানের জাহাজ যদি তল্লাশি করা হয় তাহলে ইরান কী করবে প্রশ্নের জবাবে আহমাদিনেজাদ বলেন, "তারা যদি এ ব্যাপারে সামান্য ভুলও করে তাহলে আমরা অবশ্যই তার উপযুক্ত জবাব দিব।"
তবে কি জবাব দেবেন সে ব্যাপারে তিনি স্পষ্ট কিছু জানানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২৩১৭ ঘ.
bdnews24