টরোন্টো, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- কানাডার টরোন্টোয় শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া জি-টোয়েন্টিভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলনের মূল প্রতিপাদ্য হয়ে দাঁড়িয়েছে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও ঋণের বোঝা কমানো।
জি টোয়েন্টি নেতারা অর্থনীতির নাজুক অবস্থা কাটিয়ে ওঠার জন্য তাই ঋণ ও প্রবৃদ্ধির ভারসাম্যপূর্ণ নীতির দিকে ঝুঁকছেন।
সেক্ষেত্রে অর্থনীতি পুনরুদ্ধার চেষ্টার পাশাপাশি সরকারের ঋণের বোঝা কমানোর পদক্ষেপ নিতে চান নেতারা।
২০০৭ সালে যুক্তরাষ্ট্র থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মহামন্দা দেখা দেওয়ার আশঙ্কা সৃষ্টি হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং জি টোয়েন্টিভুক্ত অন্যান্য দেশের নেতারা চতুর্থবারের মতো এ সম্মেলনে মিলিত হয়েছেন। তাদের সামনে অর্থনৈতিক মন্দার হাতছানি এখনও কাটেনি।
শিল্পোন্নত, স্বল্প উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি টোয়েন্টিভুক্ত দেশগুলো এর মধ্যেই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে। অর্থনৈতিক মন্দা মোকাবেলায় গত বছর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে।
অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ সম্মেলন।
জি- টোয়েন্টিভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা এ সম্মেলনে অর্থনৈতিক সঙ্কট পরবর্তী কর্মপন্থা এবং আর্থিক বাজারের জন্য কঠিনতর নিয়মাবলী নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন।
তবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বিশ্বব্যাপী ব্যাংক অনুদান অথবা আর্থিক লেনদেনের উপর কর আরোপের সম্ভাবনা কম দেখছেন।
তিনি বলেন, "দুঃখজনকভাবে, ব্যাংক অনুদান সম্পর্কে জি- টোয়েন্টির সদস্যদের মধ্যে কোনো ঐকমত্য নেই এবং আর্থিক বাজারের উপর করের ক্ষেত্রেও কোনো মতৈক্য নেই।"
জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন ভবিষ্যৎ অর্থনৈতিক সঙ্কট এড়াতে ব্যাংকের উপর কর ধার্যের পকিল্পনা করলেও কানাডা এবং কিছু উঠতি অর্থ বাজারের দেশ তার বিরোধিতা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০৮ ঘ.
bdnews24