২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজুড়ে সঙ্গীত জাদুকরের মৃত্যুবার্ষিকী পালন

কিংবদন্তী সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার। অকাল প্রয়াত এই সঙ্গীত জাদুকরের প্রয়াণ দিবস পালনে পৃথিবীজুড়ে চলছে নানা অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 09:02 AM

Updated : 25 Aug 2022, 12:47 PM

লস অ্যাঞ্জেলেস, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- কিংবদন্তী সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার। অকাল প্রয়াত এই সঙ্গীত জাদুকরের প্রয়াণ দিবস পালনে পৃথিবীজুড়ে চলছে নানা অনুষ্ঠান। মাইকেলের সমাধি, প্রতিকৃতি ও স্মৃতিচিহ্নে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নানা স্থানে মোমবাতি প্রজ্জ্বলনসহ নাচ-গানে তাকে স্মরণ করছে ভক্ত ও পরিবারের সদস্যরা। ২০০৯ সালের ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে মারা যান মাইকেল। তার মৃত্যু নিয়ে রয়েছে নানা রহস্য। তবে ঘুমের ওষুধ হিসেবে তাকে উচ্চমাত্রার চেতনানাশক ওষুধ খেতে দিতেন তার ব্যক্তিগত চিকিৎসক। এসব ওষুধ গ্রহণের কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলেও ধারণা করা হয়। লস অ্যাঞ্জেলেসের ফরেস্ট লোয়ান মেমোরিয়াল পার্ক, যেখানে চিরনিদ্রায় শায়িত মাইকেল সেখানে শুক্রবার হাজার হাজার ভক্তের সমাগম আশা করছে কর্তৃপক্ষ। পার্ক কর্তৃপক্ষ ইতোমধ্যে সেখানে কঠোর শৃঙ্খলা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো দর্শণার্থীকেই সেখানে অবস্থান করতে দেওয়া হবে না। তারা শুধুমাত্র সমাধিস্থলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি পাবেন। অবশ্য এতোসব বিধিনিষেধ স্বত্বেও বৃহস্পতিবার থেকেই জ্যাকসন ভক্তরা সমাধিস্থলের আশপাশে অবস্থান নেওয়া শুরু করেছেন। কর্তৃপক্ষের বিধি-নিষেধ তারা মোটেও পাত্তা দিচ্ছেন না। পুলিশের হুঁশিয়ারি উপেক্ষা করেই তারা সারারাত সেখানে থাকার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া পৃথিবীজুড়ে অন্যান্য দেশের প্রায় সব টেলিভিশন আর রেডিও চ্যানেলে প্রয়াত শিল্পীর সম্মানে প্রচার হচ্ছে তার গান, মিউজিক ভিডিওসহ বিভিন্ন অনুষ্ঠান। পত্রিকায় ছাপা হয়েছে তাকে নিয়ে নানা ধরনের খবর। এক বছর আগের এইদিনে 'কিং অব পপ' মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যুর খবরে হতবিহ্বল হয়ে পড়েছিলো সারা পৃথিবী। শুক্রবার ইন্ডিয়ানা রাজ্যের গ্যারিতে নিজ শহরে জ্যাকসন পরিবারের ছোট্ট বাড়িটির সামনে মাইকেলের একটি মূর্তি উন্মোচন করছেন তার মা ক্যাথরিন জ্যাকসন। এই বাড়িতেই তাদের পাঁচ ভাইকে নিয়ে গঠিত 'জ্যাকসন ফাইভ' ব্যান্ড দিয়েই শুরু হয় মাইকেলের সঙ্গীতজীবন। ধারণা করা হচ্ছে, বাবার মৃত্যুবার্ষিকীতে গ্যারির বাড়িতে নিভৃতে কাটাচ্ছে মাইকেলের মেয়ে প্যারিস এবং ছেলে প্রিন্স মাইকেল ও ব্ল্যাঙ্কেট। লস অ্যাঞ্জেলেস ফরেস্ট লন সেমিটারিতে মাইকেলের সমাধির কাছেই একটি বেদিতে ফুল দিয়ে সম্মান জানানোর অনুমতি পেয়েছেন ভক্তরা। তবে মোমবাতি, বেলুন বা অন্য কোনো কিছু আনার অনুমতি মেলেনি তাদের। ওদিকে প্রথম মৃত্যুবার্ষিকীতে জ্যাকসনের সব গান, সম্পদ ও অন্যান্য স্মৃতিচিহ্নের মূল নিয়ন্ত্রক জ্যাকসন এস্টেট আনুষ্ঠানিক কোনো আয়োজনের ঘোষণা দেয়নি। জাপানের টোকিওতে মাইকেল জ্যাকসন জাদুঘরে স্থানীয় ধর্মীয় রীতি অনুযায়ী তার স্মৃতিচিহ্নের সঙ্গে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কাটিয়েছেন নির্বাচিত কিছু ভক্ত। যুক্তরাষ্ট্রের ভক্তরা হারলেমের অ্যাপোলো থিয়েটারে ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। জ্যাকসন ফাইভ ব্যান্ডের ক্যারিয়ার শুরু হয়েছিলো এখানেই। শুক্রবার নিউ ইয়র্কের মাদাম তুঁসো জাদুঘরে মাইকেলের সঙ্গীতজীবনের বিভিন্ন সময়ের ভাস্কর্য উদ্বোধন করা হচ্ছে। ওদিকে এক টেলিভিশন সাক্ষাৎকারে মাইকেলের বড় বোন লা টয়া জ্যাকসন অভিযোগ করেছেন, মাইকেলের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়। তাকে হত্যা করা হয়েছে এবং তা টাকার জন্য। লা টয়া বলেন, "মাইকেলকে হত্যা করা হয়েছে। কারণ জীবিত মাইকেলের চেয়ে মৃত মাইকেল অনেক বেশি দামি।" প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন 'বিলবোর্ড' এর এক প্রতিবেদনে জানানো হয়, মাইকেলের মৃত্যুর পরে বিভিন্ন রয়ালটি থেকেই ১০০ কোটি ডলার আয় করেছে জ্যাকসনের সব গান, সম্পদ ও অন্যান্য স্মৃতিচিহ্নের মূল নিয়ন্ত্রক জ্যাকসন এস্টেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এজে/সিআর/১৫০০ ঘ.