লন্ডন, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইকেল জ্যাকসনকে টাকার জন্য হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বোন লা টয়া জ্যাকসন।
লন্ডনের জিএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেছেন বলে বিবিসি জানিয়েছে।
কিংবদন্তী সঙ্গীত শিল্পী মাইকেলের প্রথম মৃত্যুবার্ষিকীর আগের দিন বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি বলছে, মাইকেলের বড় বোন লা টয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করে ভাইয়ের মৃত্যুর ঘটনার সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
লা টয়া বলেন, "মাইকেলকে হত্যা করা হয়েছে। কারণ জীবিত মাইকেলের চেয়ে মৃত মাইকেল অনেক বেশি দামি।"
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন 'বিলবোর্ড' এর এক প্রতিবেদনে জানানো হয়, মাইকেলের মৃত্যুর পরে বিভিন্ন রয়ালটি থেকেই ১০০ কোটি ডলার আয় করেছে জ্যাকসনের সব গান, সম্পদ ও অন্যান্য স্মৃতিচিহ্নের মূল নিয়ন্ত্রক জ্যাকসন এস্টেট।
লা টয়া বলেন, "মাইকেলের মৃত্যু যে কোনো দুর্ঘটনা ছিলো না সে বিষয়ে প্রথম থেকেই আমার কোনো সন্দেহ ছিলো না। মা যখন ফোনে চিৎকার করে মাইকেলের মৃত্যুর খবর আমাকে জানান, তখন আমার প্রথম কথা ছিলো 'এটা কে করলো'।"
সাক্ষাৎকারে তিনি আরো বলেন, "ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা মাইকেল ও আমাদের পরিবারের প্রতি অপমান। এটা ঠিক নয় এবং এটা কখনোই দুর্ঘটনা ছিলো না।"
মাইকেলের অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করেছিলেন রেভারেন্ড অ্যাল শার্পটন।
মাইকেলের মৃত্যুর বর্ষপূর্তি উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, "তার মৃত্যুতে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা ততক্ষণ সারবে না, যতক্ষণ না আমরা জানতে পারছি এই ক্ষত কে তৈরি করলো এবং কেন।"
তিনি বলেন, "এখন আমরা শুধু তার জীবনটাকেই উদযাপন করতে পারি। কিন্তু তার মৃত্যু নিয়ে এখনো আমাদেও অনেক কিছুই জানতে বাকি রয়ে গেছে।
২০০৯ সালের ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে মারা যান পপ সম্রাট মাইকেল। তার মৃত্যু নিয়ে রয়েছে নানা রহস্য।
ঘুমের ওষুধ হিসেবে মাইকেলকে উচ্চমাত্রার চেতনানাশক ওষুধ দিতেন তার ব্যক্তিগত চিকিৎসক। এসব ওষুধ গ্রহণের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলেও ধারণা করা হয়।
অকাল প্রয়াত এই সঙ্গীত জাদুকরের প্রয়াণ দিবস পালনে শুক্রবার পৃথিবীজুড়ে চলছে নানা আয়োজন। নাচে, গানে আর মাইকেলের স্মৃতিচিহ্নগুলো নিয়ে বিভিন্ন ধরনের আয়োজনে দিনটি উদযাপন করছে তার ভক্ত ও পরিবারের সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এজে/১২৫৪ ঘ.
bdnews24