২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস নিয়ে রাশিয়া-বেলারুশ বিরোধ বাড়ছে

জ্বালানি গ্যাস নিয়ে রাশিয়া ও বেলারুশের মধ্যে বিরোধ বাড়ছে। বেলারুশ ইতোমধ্যেই রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রোমকে তাদের পাওনা বুঝিয়ে দিলেও উল্টো হুমকি দেওয়ায় নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 12:43 PM

মস্কো, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জ্বালানি গ্যাস নিয়ে রাশিয়া ও বেলারুশের মধ্যে বিরোধ বাড়ছে। বেলারুশ ইতোমধ্যেই রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রোমকে তাদের পাওনা বুঝিয়ে দিলেও উল্টো হুমকি দেওয়ায় নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। গ্যাজপ্রোম বৃহস্পতিবার বেলারুশে গ্যাস সরবরাহ শুরু করেছে। কিন্তু বেলারুশ বলেছে, গ্যাজপ্রোম ট্রানজিট ফি বাবদ ২৬০ মিলিয়ন ডলার পরিশোধ না করলে তারা ইউরোপে সব পাইপলাইন বন্ধ করে দেবে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জ্বালানি গ্যাসের চাহিদার ৬ শতাংশ সরবরাহ হয় বেলারুশের মধ্য দিয়ে। আর তা সরবরাহ করে রুশ কোম্পানী গ্যাজপ্রোম। গ্যাজপ্রোম জানায়, "বেলারুশ প্রায় ২০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বলে গ্যাজপ্রোম প্রধান এলেক্সি মিলার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে জানানোর পর আমরা আবারো বেলারুশে গ্যাস সরবরাহ শুরু করেছি।" গ্যাজপ্রোমের মুখপাত্র সের্জেই কুপ্রিইয়ানভ টেলিভিশনে বলেছেন, "বর্তমানে এমন কোন সমস্যা নেই যা বেলারুশে গ্যাস সরবরাহ ও গ্যাস ট্রানজিটে বাধার কারণ হতে পারে।" গ্যাজপ্রোম জানায়, গ্যাস ট্রানজিটের জন্য তারা বেলারুশকে ২২৮ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। কিন্তু বেলারুশ কর্তৃপক্ষ ট্রানজিটের পুরো অর্থ এখনো পায়নি বলে জানিয়েছে এবং গ্রীনিচ মান সময় ১০০০ থেকে ট্রানজিট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। কিন্তু বেলারুশের এ হুমকির জবাবে গ্যাজপ্রোম জানিয়েছে, বেলারুশের গ্যাস পাইপ লাইন বন্ধ হয়ে গেলে তারা ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৮ ঘ.