২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেলের মৃত্যুবার্ষিকী স্মরণে প্রস্তুত বিশ্ব

কিংবদন্তী সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী ২৫ জুন। অকাল প্রয়াত এই সঙ্গীত জাদুকরের প্রয়াণ দিবসটি উদযাপন করতে পৃথিবীজুড়ে চলছে নানা আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 07:05 AM

Updated : 25 Aug 2022, 12:45 PM

লস অ্যাঞ্জেলেস, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিংবদন্তী সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী ২৫ জুন। অকাল প্রয়াত এই সঙ্গীত জাদুকরের প্রয়াণ দিবসটি উদযাপন করতে পৃথিবীজুড়ে চলছে নানা আয়োজন। টোকিওতে তার স্মৃতিচিহ্নের সঙ্গেই পুরো রাতটি কাটাবেন ভক্তরা। লস অ্যাঞ্জেলেসে তার সমাধিতে ফুল দিয়ে প্রার্থনা করবেন ভক্তরা। পৃথিবীজুড়ে সব টেলিভিশন আর রেডিও চ্যানেলগুলো তার সম্মানে সারাক্ষণই প্রচার করতে থাকবে তার গান, মিউজিক ভিডিও আর বিভিন্ন অনুষ্ঠান। এক বছর আগে 'কিং অব পপ' মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যুর পর হতবিহ্বল হয়ে পড়েছিলো সারা পৃথিবী। এ বছর নাচে, গানে আর তার স্মৃতিচিহ্নগুলো নিয়ে বিভিন্ন ধরনের আয়োজনে দিনটি উদ্যাপন করবে তার ভক্ত ও পরিবারের সদস্যরা। ২০০৯ সালের ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে মারা যান মাইকেল। তার মৃত্যু নিয়ে রয়েছে নানা রহস্য। তবে ঘুমের ওষুধ হিসেবে তাকে উচ্চমাত্রার চেতনানাশক ওষুধ খেতে দিতেন তার ব্যক্তিগত চিকিৎসক। এসব ওষুধ গ্রহণের কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে ধারণা করা হয়। শুক্রবার ইন্ডিয়ানা রাজ্যের গ্যারিতে নিজ শহরে জ্যাকসন পরিবারের ছোট্ট বাড়িটির সামনে মাইকেলের একটি মূর্তি উন্মোচন করবেন তার মা ক্যাথরিন জ্যাকসন। এরপর সেখানে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে যা শেষ হবে মাইকেলের 'উই আর দ্য ওয়ার্ল্ড' গানটি দিয়ে। এই বাড়িটিতে তাদের পাঁচ ভাইকে নিয়ে গঠিত 'জ্যাকসন ফাইভ' ব্যান্ড দিয়েই শুরু হয় কিংবদন্তী মাইকেলের সঙ্গীতজীবন। ধারণা করা হচ্ছে, বাবার মৃত্যুবার্ষিকীতে গ্যারির বাড়িতেই নিভৃতে কাটাবে মাইকেলের মেয়ে প্যারিস এবং ছেলে প্রিন্স মাইকেল ও ব্ল্যাঙ্কেট। জ্যাকসনের সব গান, সম্পদ ও অন্যান্য স্মৃতিচিহ্নের মূল নিয়ন্ত্রক মাইকেল জ্যাকসন এস্টেট আনুষ্ঠানিক কোনো আয়োজনের ঘোষণা দেয়নি। তবে পরিবার থেকে দূরে থাকা মাইকেলের বাবা জো জ্যাকসন ২৬ জুন লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসের একটি হোটেলে 'ফরএভার মাইকেল' শীর্ষক একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠান আয়োজনে সাহায্য করছেন। এই অনুষ্ঠানে গান গাইবে ১৯৭০ সালের ব্যান্ড চি-লাইটস এবং মাইকেলের এক ভাগ্নি। মা ক্যাথরিন এই অনুষ্ঠানের জন্য তার শুভকামনা জানিয়েছেন। তার প্রকাশিত পারিবারিক ছবির সংকলন নিয়ে বই 'নেভার ক্যান সে গুডবাই' বইটি অনুষ্ঠানে বিক্রি করা হবে। ভক্তরাও পিছিয়ে নেই মাইকেলকে সম্মান জানাতে। তার মৃত্যুও পরে থাইল্যান্ডের একটি কারাগারের কয়েক হাজার বন্দী তার 'থ্রিলার' গানটির সঙ্গে নেচে সম্মান জানিয়েছিলো। তারা এবার তৈরি হয়েছে আরো কিছু গানের নাচ নিয়ে। জাপানের টোকিওতে মাইকেল জ্যাকসন জাদুঘরে স্থানীয় ধর্মীয় রীতি অনুযায়ী তার স্মৃতিচিহ্নের সঙ্গে রাত কাটাবেন নির্বাচিত কিছু ভক্ত। যুক্তরাষ্ট্রের ভক্তরা হারলেমের অ্যাপোলো থিয়েটারে ভিড় জমাবেন হয়তো। জ্যাকসন ফাইভ ব্যান্ডের ক্যারিয়ার শুরু হয়েছিলো এখানেই। এছাড়া এই দিন 'দি আল্টিমেট থ্রিলার' কনসার্টটি ইউরোপ ও সৌদি আরবের পর যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে বোস্টনে। নিউ ইয়র্কের মাদাম তুঁসো জাদুঘরেও মাইকেলের সঙ্গীতজীবনের বিভিন্ন সময়ের ভাস্কর্য উদ্বোধন করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৫৭ঘ.