ওয়াশিংটন, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- মার্কিন প্রশাসন সম্পর্কে বিরূপ মন্তব্যের বিষয়টি ব্যাখ্যা করার জন্য বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দেখা করেছেন আফগানিস্তানে নিয়োজিত বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল স্ট্যানলে ম্যাকক্রিস্টাল। তবে তার ভাগ্যে কি ঘটেছে তা স্পষ্ট জানা যায়নি।
রোলিং স্টোন ম্যাগাজিনের একটি প্রবন্ধে ওবামা ও তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের বিরুদ্ধে ম্যাকক্রিস্টাল ও তার সহযোগীরা বিরূপ মন্তব্য করেছেন বলে খবরে জানানো হয়েছে।
এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ওবামার রোষে পড়ে ম্যাকক্রিস্টাল চাকরি হারাতে পারেন বলে জল্পনা চলছে। ওবামার সঙ্গে বুধবারের বৈঠকেই তার ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল। কিন্তু তিনি চাকরিতে বহাল আছেন কিনা তা জানা যায়নি।
এএফপি জানিয়েছে, ম্যাকক্রিস্টাল ওবামার সঙ্গে ৩১ মিনিটের বৈঠক করেছেন। বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বৈঠক শেষে ম্যাকক্রিস্টালকে একটি গাঢ় রংয়ের মিনি ভ্যানে করে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
তবে খবরে বলা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ওবামার আফগান-পাকিস্তান যুদ্ধ বিষয়ক কেবিনেটের মাসিক বৈঠকে বসার কথা ছিল ম্যাকক্রিস্টালের।
বৈঠকটি ১৫৩৫ জিএমটি তে হওয়ার কথা। ম্যাকক্রিস্টাল এ বৈঠকে যোগ দিতে হোয়াইট হাউসে ফিরে যাবেন কিনা তা স্পষ্ট জানা যায়নি। ওবামা কখন পরিস্থিতি সম্পর্কে প্রকাশ্যে জানাবেন তাও জানাতে পারেননি সহযোগীরা।
মার্কিন কর্মকর্তারা ধারণা করছিলেন, বৈঠকে ম্যাকক্রিস্টাল পদত্যাগপত্র জমা দেবেন এবং এটি গ্রহণ করা না করার ভার ওবামার ওপর ছেড়ে দেবেন।
বৈঠকের পর ওবামা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা জানা যায়নি।
ওবামার সঙ্গে বৈঠকের আগে ম্যাকক্রিস্টাল পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এবং শীর্ষ সামরিক কর্মকর্তা এডমিরাল মাইক মুলেনের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন প্রেস সেক্রেটারি জেয়ফ মোরেল সাংবাদিকদের একথা জানান।
এর আগে ওবামা মঙ্গলবার জানান, ম্যাকক্রিস্টালকে বরখাস্ত করা হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তার সঙ্গে সরাসরি কথা বলতে চান। তবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনে পৌঁছানোর আগেই ম্যাকক্রিস্টালকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছিল।
রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকক্রিস্টালের সহযোগীরা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে পরিহাস করেন। একইসঙ্গে তারা প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে 'একজন ভাঁড়' আখ্যা দেন। আর ওবামাকে নিয়ে ম্যাকক্রিস্টাল হতাশ বলেও উল্লেখ করেন।
তাছাড়া, কাবুলে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়েও ম্যাকক্রিস্টালের বিরূপ মন্তব্য তার উদ্ধৃতি দিয়ে তুলে ধরা হয়েছে ম্যাগাজিনের ওই প্রবন্ধে।
ম্যাকক্রিস্টাল তাৎক্ষণিকভাবে এর জন্য ক্ষমা চাইলেও তাকে হোয়াইট হাউসে তলব করেন ওবামা।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, ওবামা প্রবন্ধটি পড়ে রেগে গেছেন এবং ম্যাকক্রিস্টালকে চাকরিচ্যুত করার সম্ভাবনা নাকচ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৩ ঘ.
bdnews24