ওয়াশিংটন, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ)-- আফগানিস্তান যুদ্ধে এবার নিজ বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলে ম্যাকক্রিস্টালকে নিয়ে সমস্যায় পড়েছেন ওবামা। তার প্রশাসনকে চ্যালেঞ্জ করার মতো কথাবার্তা বলার জন্য ম্যাকক্রিস্টালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে বিপাকে আছেন তিনি।
ওবামার সামনে আছে দুটো বিকল্প। হয় ম্যাকক্রিস্ট্যালকে অপসারণ করা। নয়ত তাকে সহ্য করা। কিন্তু এর কোনটিই সুখকর নয়।
ম্যাকক্রিস্টালকে অপসারণ করলে তা আফগান যুদ্ধের জন্য ক্ষতিকর হবে। আর তাকে সহ্য করলে তা হবে দুর্বলতার পরিচায়ক।
বুধবার ম্যাকক্রিস্টালের ভাগ্য নির্ধারণের আগে তার সঙ্গে সরাসরি কথা বলার জন্য তাকে হোয়াইট হাউসে ডেকে পাঠিয়েছেন ওবামা।
রোলিং স্টোন ম্যাগাজিনে ওবামা প্রশাসনের সমালোচনা করে দেওয়া বক্তব্যের কারণে ম্যাকক্রিস্টাল চাকরি হারাতে পারেন বলে জল্পনার মধ্যেই হোয়াইট হাউস তাকে তলব করেছে।
ম্যাগাজিনের প্রবন্ধে ম্যাকক্রিস্টাল ও তার সহযোগীদের বিরূপ মন্তব্য দুর্বল বিচারবুদ্ধির পরিচায়ক বলে মন্তব্য করেছেন ওবামা। এতে ওবামা যে ক্ষুব্ধ তা স্পষ্টতই বোঝা যাচ্ছে।
আর এতে করে ম্যাকক্রিস্টালের চাকরি হারানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকক্রিস্টালের সহযোগীরা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে পরিহাস করেন। একইসঙ্গে তারা প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে 'একজন ভাঁড়' আখ্যা দেন। আর ওবামাকে নিয়ে ম্যাকক্রিস্টাল হতাশ বলেও উল্লেখ করেন।
তাছাড়া, কাবুলে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়েও ম্যাকক্রিস্টালের বিরূপ মন্তব্য তার উদ্ধৃতি দিয়ে তুলে ধরা হয়েছে ম্যাগাজিনের ওই প্রবন্ধে।
মঙ্গলবার ওবামা জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ম্যাকক্রিস্টালের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনে পৌঁছানোর আগেই ম্যাকক্রিস্টালকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছে।
গত নয় বছর ধরে চলা আফগান যুদ্ধে এবার যুক্তরাষ্ট্র আরো ৩০ হাজার সেনা মোতায়েন করায় ম্যাগাজিনের এ প্রবন্ধটি সেনা কর্মকর্তা ও হোয়াইট হাউসের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, ওবামা প্রবন্ধটি পড়ে রেগে গেছেন এবং ম্যাকক্রিস্টালকে চাকরিচ্যুত করার সম্ভাবনা নাকচ করেননি।
গিবস বলেন, "জেনারেল ম্যাকক্রিস্টাল দীর্ঘদিন ধরে আফগানিস্তানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করছেন। কেউ তাকে এটা থেকে সরাতে পারনো বা করবেও না। কিন্তু তার বিচার বিবেচনায় বড় ধরনের ভুল হয়েছে এবং এজন্য তাকে উত্তর দিতে হচ্ছে।"
এ ঘটনায় সোমবার ক্ষমা চাওয়ার পরদিনই ম্যাকক্রিস্টালকে ডেকে পাঠায় হোয়াইট হাউস।
ওদিকে, এএফপি জানিয়েছে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকার বুধবার শীর্ষ এই মার্কিন ও ন্যাটো কমান্ডার স্ট্যানলে ম্যাকক্রিস্টালের পাশে দাঁড়িয়েছে।
তাকে অপসারণ করাটা আফগানিস্তানের ৯ বছরের যুদ্ধের জন্য ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭১০ ঘ.
bdnews24