২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটির 'বোঝা' কমাব: প্রধানমন্ত্রী

ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটির 'বোঝা' কমানোর অঙ্গীকার করেছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 10:27 AM

Updated : 25 Aug 2022, 12:41 PM

টোকিও , জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটির 'বোঝা' কমানোর অঙ্গীকার করেছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম যুদ্ধক্ষেত্র ওকিনাওয়ার ৬৫ বছর পূর্তি অনুষ্ঠানে বুধবার কান এ অঙ্গীকার করেন। ৮ জুন ক্ষমতা গ্রহণের পর কান এবারই প্রথম ওকিনাওয়ায় গেলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালে ওকিনাওয়ায় ৮৩ দিন ধরে যুদ্ধ হয় এবং প্রায় ২ লাখ বেসামরিক মানুষ নিহত হয়। ওই যুদ্ধের পরই মার্কিন বাহিনী দ্বীপটি দখল করে সেখানে ফুতেনমা বিমান ঘাঁটিসহ আরো কয়েকটি ঘাঁটি স্থাপন করে। কান বলেন, জাপানে ৪৭ হাজার মার্কিন সেনার অর্ধেক সেনাই এখনো দ্বীপটিতে রয়ে গেছে। মার্কিন ঘাঁটির কারণে ওকিনাওয়ার জনগণ জঙ্গি বিমানের শব্দ, দূষণ, দুর্ঘটনার ঝুঁকির মুখে থাকাসহ অপরাধের শিকার হচ্ছে। প্রধানমন্ত্রী কান এজন্য সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, "এ বোঝার জন্য আমি ক্ষমাপ্রার্থী।" মার্কিন সেনাদের হাতে ধরা পড়ার চেয়ে দ্বীপটির অধিবাসীদের নিজে নিজেই সম্মানজনকভাবে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে জাপানি সেনারা-- এমন ঘটনার কথাও জানিয়েছে স্থানীয়রা। কান এভাবে নিহতদের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। কান তার বক্তব্যে ওকিনাওয়ার মার্কিন ঘাঁটি এশিয়া- প্যাসিফিক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছে বলে উল্লেখ করলেও বলেন, ওই ঘাঁটি জনগণের জন্য যে বোঝা সৃষ্টি করেছে তা কমিয়ে আনতে আমি আন্তরিকভাবে চেষ্টা করে যাওয়ার প্রতিশ্র"তি দিচ্ছি। ওকিনাওয়া দ্বীপের বিতর্কিত ফুতেনমা ঘাঁটি স্থানান্তর করা নিয়ে বিতর্কের কারণেই মূলত এ মাসের প্রথমদিকে কানের পূর্বসুরি ইউকিয়ো হাতোয়ামো পদত্যাগ করেন। ফুতেনমা মার্কিন ঘাঁটি পুরোপুরি তুলে দেওয়ার জনদাবী মেটাতে না পেরে হাতোয়ামা ওকিনাওয়ার জনগণের বিক্ষোভের মুখে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬২৩ ঘ.