কলম্বো, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- গৃহযুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ বিষয়ে তদন্ত করতে জাতিসংঘের পরিকল্পনাকে বুধবার নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলংকায় যেকোনো ধরনের আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘণের ব্যাপারে পরামর্শ দিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন একটি প্যানেল গঠন করেছেন। একে 'লিবারেশন টাইগারস অব তামিল ইলমকে (এলটিটিই) 'অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ' হিসেবে আখ্যা দিয়েছেন সরকারের মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা।
সরকারি এক ওয়েবসাইটে তিনি বলেন, "জাতিসংঘ ও এর মহাসচিব শ্রীলঙ্কার বিরুদ্ধে গোপন পরিকল্পনা করছেন।"
কয়েকদশক ধরে চলা জাতিগত সংঘাতের পর গত মে মাসে দেশটি থেকে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগার গেরিলাদের উৎখাত করেছে সেনাবাহিনী।
এদিকে লঙ্কাণ সেনাবাহিনী কয়েক হাজার তামিল বেসামরিক মানুষ হত্যা করেছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আন্তর্জাতিক চাপের মুখে জাতিসংঘ মহাসচিব প্যানেল গঠনের এ উদ্যোগ নেন।
জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ইন্দোনেশিয়ার নাগরিক ও উত্তর কোরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মারজুকি দারুসমান এ প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করবেন। আগামী চারমাসের মধ্যে এই প্যানেল কাজ শেষ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাতিসংঘের মুখপাত্র জানান, এ প্যানেলের কাজ হলো মূলত পরামর্শ দেওয়া এবং প্রাথমিক দায়িত্ব হলো শ্রীলংকার কর্তৃপক্ষের সঙ্গে বাদবাকি তদন্ত সম্পন্ন করা।
২০০৯ সালের শুরুতে দেশটির উত্তরপূর্বাঞ্চলে তামিল টাইগারদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে শ্রীলংকার সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৪ঘ.
bdnews24