সিডনি, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- অভিযান শেষ করে তিন বছরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেবে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন ফকনার বুধবার এ কথা জানান।
ফকনার বলেন, "আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ ২ থেকে ৪ বছরেরই মধ্যেই শেষ করতে হবে অস্ট্রেলিয়ার।"
তিনি আরো জানান, এরপর সেনাবাহিনী প্রশিক্ষণ যথাযথ হয়েছে কি না তা পর্যবেক্ষণের জন্য বড়জোর ১২ মাস অবস্থান করবে।
২০০১ সালে আফগানিস্তানে যৌথবাহিনীতে যোগ দেওয়ার পর গত ০৭ জুন থেকে এ পর্যন্ত জঙ্গি হামলা ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ অস্ট্্েরলীয় সেনা নিহত হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দিয়েছেন ফকনার।
আফগানিস্তানে ১ হাজার ৫৫০ জন অস্ট্রেলীয় সেনা নিয়োজিত রয়েছে। এদের বেশিরভাগই ডাচ সেনাদের সঙ্গে দক্ষিণাঞ্চলের উরুজগান প্রদেশে আফগান সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করছেন।
ফকনার সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সীমা জানান নি। তবে তিনি জানান, আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব বুঝে নিতে দেশটির নিজস্ব বাহিনীর আরও দুই থেকে চার বছর সময় লাগবে বলে অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে।
ক্যানবেরায় তিনি সাংবাদিকদের বলেন, "২ থেকে ৪ বছরের মধ্যে আমাদের প্রশিক্ষণ কর্মসূচি একটি নির্দিষ্ট পর্যায়ে চলে আসবে। আর এরপর থেকেই আফগানিস্তান থেকে অস্ট্রেলীয় সেনা প্রত্যাহার শুরু হবে।"
তবে একইসঙ্গে তিনি আরও জানান, সময় ও পরিস্থিতি প্রত্যাহারের বিষয়টিকে প্রভাবিত করতে পারে।
তিনি আরও জানান, ইতোমধ্যে ডাচ সেনাদের কাছ থেকে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী দায়িত্ব বুঝে নিচ্ছে। আগস্টে ডাচ সেনাদেরও আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৫৫ঘ.
bdnews24