তেহরান, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- দুই পরমাণু অস্ত্র পরিদর্শকের ইরানে প্রবেশ নিষিদ্ধ করে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ)কে সতর্ক করেছে ইরান। যাতে আইএইএ আরো পেশাগত দক্ষতার সঙ্গে কাজ করতে মনোযোগী হয়।
মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি একথা বলেছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সোমবার টেলিভিশনে মোত্তাকির দেওয়া এক সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রকৃতপক্ষে আইএইএ প্রধান আমানো কে সতর্ক করতেই দুই পরমাণু স্থাপনা পরিদর্শকের ইরানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাতে আমানো তার সংস্থার পরিদর্শকদের জাতিসংঘ সনদ লঙ্ঘনের বিষয়টিতে সতর্ক থাকেন।
আইএইএ প্রধান ইউকিয়ো আমানোর উদ্দেশে তিনি বলেন, পেশাদারি মনোভাব নিয়ে আমানোর সংস্থা পরিচালনা করা উচিত।
এর আগে সোমবার ইরানের পরমাণু কর্মসূচি প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রস্তুতের কারণে জাতিসংঘের দুই পরমাণু অস্ত্র পরিদর্শকের ইরানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আইএসএনএ বার্তা সংস্থা সালেহির উদ্ধৃতি দিয়ে বলেছে, "এই দুই অস্ত্র পরিদর্শকের ইরানে প্রবেশের অধিকার নেই। কারণ, তারা পরমাণু কর্মসূচি সম্পর্কিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই তা ফাঁস করেছে এবং মিথ্যা প্রতিবেদন তৈরি করেছে।"
দুই পরিদর্শকের বদলে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য ইরান আইএইএ'কে অনুরোধ জানিয়েছে বলেও জানিয়েছেন সালেহি। নতুন লোককে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেওয়া হবে বলে জানান তিনি।
ইরানের ওপর জাতিসংঘের ৪র্থ দফা নিষেধাজ্ঞা এবং এর পথ ধরে যুক্তরাষ্ট্র ও ইইউ'র বাড়তি নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)'র অস্ত্র পরিদর্শকদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল তেহরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৪২ঘ.
bdnews24