ব্যাংকক , জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- থাইল্যান্ডের 'লালশার্ট'দের সামরিক শাখার প্রধান মেজর জেনারেল খাত্তিয়া সোয়াসদিপলের শেষকৃত্যানুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে সরকার।
হাজার হাজার লাল শার্ট সমর্থক মঙ্গলবার এই শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে লাল শার্টদের প্রায় দুইমাসব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের সময় গত মাসে মাথায় গুলি লেগে খাত্তিয়া সোয়াসদিপল মারা যান।
এ অনুষ্ঠানের নিরাপত্তায় ৮শ' পুলিশ নিয়োগ করা হয়েছে।
বিদেশি সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় লাল শার্টদের অনানুষ্ঠানিক সামরিক প্রধান সোয়াসদিপলকে গুলি করা হয়।
স্পষ্টবাদী এই জেনারেলকে কে হত্যা করেছে সেবিষয়টি এখনো পরিস্কার নয়।
ধারণা করা হয় তিনি স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। তবে সেনাবাহিনী এই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, প্রায় ১০ হাজার লাল শার্ট সমর্থক ব্যাংককের কেন্দ্রস্থলে একটি মন্দিরের কাছে সোয়াসদিপলের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবে।
১৯ মে ব্যাংককে রেড শার্টদের ক্যাম্পে সেনাবাহিনীর রক্তক্ষয়ী দমনাভিযানের পর প্রথম বারের মতো লাল শার্টদের এতো বিশাল অংশ পুনরায় একত্রিত হচ্ছে।
ব্যাংককে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে। এ অবস্থায় একসঙ্গে পাঁচজনের বেশি মানুষ একত্রিত হওয়া নিষিদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৫০০ঘ.
bdnews24