কাবুল, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আফগানিস্তানে জঙ্গি হামলা ও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় ন্যাটোর ১০ সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
এর মধ্যে সোমবার দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন অস্ট্রেলিয়ান কমান্ডো ও এক মার্কিন সেনা নিহত হয়েছেন। একজন আমেরিকানসহ ন্যাটোর অপর দুই সেনা নিহত হয়েছেন পৃথক দুটি বোমা হামলায়।
অপর একটি ঘটনায় আরো তিন আমেরিকান সেনা নিহত হয়েছে বলে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স এএফপিকে জানায়। এদের মধ্যে এক সেনা দেশটির দক্ষিণাঞ্চলে জঙ্গি হামলায় এবং অপর দুজন দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমায় নিহত হয়েছেন।
মঙ্গলবার আইএসএএফ দেশটির দক্ষিণাঞ্চলে অপর এক সেনা সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে সে কোন দেশের সেনাসদস্য এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে অস্ট্রেলিয়ার তিনজন কমান্ডো নিহতের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী কেভিন রুড পার্লামেন্টে বলেন, "অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্যই দিনটি শোকাবহ। এ ঘটনার জন্য অনেক মূল্য দিতে হবে।"
এএফপির হিসাব অনুয়ায়ী, আফগানিস্তানে এ মাসে সংঘর্ষে এ বছর ২৮৫ জন ন্যাটো সেনা নিহত হয়েছে। তার মধ্যে চলতি মাসেই নিহত হয়েছেন ৬৫ জন সেনা।
গত বছরের আগস্ট ছিল ন্যাটোর জন্য সবচেয়ে ভয়াবহ মাস। সেসময় ৭৭ জন বিদেশি সেনা নিহত হন। আর গত বছর ন্যাটোর মোট ৫২০ সেনা সদস্য মারা গেছে।
তালেবানদের মূল ঘাঁটি কান্দাহার থেকে জঙ্গিদের উচ্ছেদ করতে বিদেশি সেনারা অভিযান শুরু করায় দেশটিতে হতাহতের সংখ্যা বাড়বে বলে মার্কিন সেনাবাহিনী ইতোমধ্যে হুঁশিয়ারি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪১৪ঘ.
bdnews24