রিও ডি জেনিরো, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বন্যা ও বৃষ্টিতে অন্তত ৩৯ জন নিহত এবং ১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত গৃহচ্যুত হয়েছে প্রায় ১ লাখ মানুষ।
সোমবার কর্তৃপক্ষ এ কথা জানায়।
বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন। বৈঠকে গৃহচ্যুতদের পুনর্বাসনের লক্ষ্যে একটি সমন্বিত তহবিল গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আলগোয়াসের গভর্নর টিয়োটোনিও ভিলেলা ফিলহো।
টিয়োটোনিও জানান, "আলাগোয়াসে এখনো পর্যন্ত ২৬ জন মারা গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি এবং ১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।"
তিনি আরো বলেন, "যারা নিখোঁজ হয়েছেন তাদের যেন জীবিত অবস্থায় খুঁজে পাই সেই জন্য আমরা প্রার্থনা করছি।"
দুর্গত আলাগোয়াসের জননিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মানদাও নদীর বাঁধ ভেঙ্গে গেলে উনিয়াও দোস পালমারেস শহর প্লাবিত হয়।
দেশটির পারনামবুকো প্রদেশে বন্যায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
প্রচণ্ড বৃষ্টি ও ঢলে আলাগোয়াসের ১২টি শহরে প্রায় ৪০ হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে, ভেসে গেছে। সেতু ও সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
দেশটির বিমান বাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যের জন্য পাঁচটি হেলিকপ্টার প্রেরণ করেছে।
প্রেসিডেন্ট সিলভা সোমবার স্থানীয় গভর্নরদের সঙ্গে ত্রাণ কার্যক্রম পরিচালনার ব্যাপারে বৈঠক করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩০ঘ.
bdnews24