২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূপাল মামলায় ডাও কেমিক্যালের দায় খতিয়ে দেখবে ভারত

১৯৮৪ সালে ভারতে ভূপালের ইউনিয়ন কার্বাইড কারখানায় বড় ধরনের গ্যাস দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতিতে কারখানা মালিক ডাও কেমিক্যালের দায়বদ্ধতা খতিয়ে দেখতে পারে সরকার। এক মন্ত্রী সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 12:34 PM

নয়াদিল্লি, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- ১৯৮৪ সালে ভারতে ভূপালের ইউনিয়ন কার্বাইড কারখানায় বড় ধরনের গ্যাস দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতিতে কারখানা মালিক ডাও কেমিক্যালের দায়বদ্ধতা খতিয়ে দেখতে পারে সরকার। এক মন্ত্রী সোমবার একথা জানিয়েছেন। দুর্ঘটনা তদন্তকারী সরকারি প্যানেলের সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা ডাও কেমিক্যালের দায়বদ্ধতা খুঁজে দেখতে আদালতে মামলা লড়ব। ২৬ বছর আগে ভূপালে ইউনিয়ন কার্বাইড কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ডাও কেমিক্যাল এ কারখানার মালিক। ইউনিয়ন কার্বাইড ওই দুর্ঘটনার জন্য ১৯৮৯ সালে ক্ষতিগ্রস্তদের ৪৭০ মিলিয়ন ডলার দিয়ে বিষয়টি নিষ্পত্তি করার একদশক পর ডাও কেমিক্যাল কারখানাটি কিনে নেয়। এ মাসে ইউনিয়ন কার্বাইড কারখানার দুর্ঘটনা মামলার রায় হয়েছে। কিন্তু ঘটনার ভয়াবহতার তুলনায় সাজা লঘু হওয়ায় জনগণের ক্ষোভের মুখে সরকার দুর্ঘটনার ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রীদের একটি প্যানেল গঠন করেছে। একইসঙ্গে দুর্ঘটনার শিকারদের জন্য ন্যায়বিচারের ব্যবস্থা করা এবং ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ওয়ারেন এন্ডারসনকে হস্তান্তরের চেষ্টা করারও চেষ্টা চলছে। সোমবারই নতুন তদন্তের ফল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে জমা দেওয়ার কথা রয়েছে মন্ত্রীদের। সরকারি হিসাব অনুযায়ী, ভূপালে অবস্থিত মার্কিন মালিকানাধীন একটি কোম্পানি থেকে প্রায় ৪০ টন টক্সিক গ্যাস নির্গত হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় সাড়ে তিন হাজার মানুষ মারা যায়। আর মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এ দুর্ঘটনার পরবর্তী কয়েক বছরে ২৫ হাজার মানুষ নিহত হয়েছে। তদন্ত প্রতিবেদনে মধ্য প্রদেশের এ দুর্ঘটনার শিকারদের ক্ষতিপূরণ প্রদান ও নির্গত গ্যাস পরিষ্কার করতে দেরী হওয়ায় চলমান দূষণের বিষয়টি অন্তর্ভূক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রীরা আবারো কারখানাটির তৎকালীন নির্বাহী প্রধান ওয়ারেন অ্যান্ডারসনকে ফিরিয়ে আনার বিষয়টি তুলতে পারেন। দুর্ঘটনার পরপরই অ্যান্ডারসন ভারত ছেড়ে চলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮১৩ ঘ.