চীন, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দীর্ঘদিন পর ইউয়ানের বিনিময় হার সংস্কারের ঘোষণা দিয়েছে চীন। জি-২০ সম্মেলন শুরুর আগ মুহূর্তে চীনের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
চীনের ঘোষণাকে 'গঠনমূলক পদক্ষেপ' বলে প্রশংসা করে ওবামা বলেন, বিশ্ব অর্থনীতি চাঙ্গা করতে এ পদক্ষেপ সহায়ক হবে।
রপ্তানী বাড়াতে চীন ইচ্ছাকৃতভাবে ইউয়ানের মূল্য কমিয়ে রেখেছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যুক্তরাষ্ট্র। চীন বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।
কিন্তু অবশেষে শনিবার চীনের সেনট্রাল ব্যাংক ইউয়ানের বিনিময় হার সংস্কারের ঘোষণা দিয়েছে।
জি-২০ সম্মেলনে ইউয়ানের বিনিময় হার নিয়েই আলোচনা হওয়ার কথা রয়েছে। তার এক সপ্তাহেরও কম সময় আগে চীন এ ঘোষণা দিল।
বিশ্ব অর্থনৈতিক দন্দা কাটতে শুরু করাতেই ইউয়ানের বিনিময় হার সংস্কার সম্ভব হচ্ছে বলে জানিয়েছে চীনের সেন্ট্রাল ব্যাংক। তবে ইউয়ান কতটুকু পুনর্মূল্যায়ন করা হবে এবং কত সময় লাগবে সে সম্পর্কে তারা সুনির্দিষ্ট কিছু জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৬ ঘ.
bdnews24