খার্তুম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের দারফুর অঞ্চলে শুক্রবার আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যকার সহিংসতায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। এক আদিবাসী নেতা শনিবার একথা জানিয়েছেন।
দারফুরে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনী সহিংসতার বিষয়টি নিশ্চিত করতে না পারলেও জানায়, শুক্রবার পশ্চিম দারফুরের গারসিলার উত্তরে সংঘর্ষ হয়েছে বলে তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছেন।
কয়েকজন আরব আদিবাসী নেতা ও জাতিসংঘ কর্মকর্তা বলেন, ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে নিহত মাইসেরিয়া আদিবাসী গোষ্ঠীর দুই সদস্যের হত্যার বদলা নিতে তারা রেজিগাত আদিবাসী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় বলেও জানান তারা।
নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের এক সূত্র জানায়, ফসলি জমির দখল নিয়ে ঐ এলাকায় আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই চলছে।
সুদান সরকার দারফুর অঞ্চলের ওপর ন্যায় সম্মত আচরণ করছে না অভিযোগ করে ২০০৩ সালে বেশিরভাগ অ-আরব বিদ্রোহী সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার পর থেকে ওই অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং তা দারফুর সমস্যাকে আরো জটিল করে তোলে।
মাইসেরিয়া নেতা এজেদিবদন এইসা আল-মান্দিল শনিবার রয়টার্সকে বলেন, "গতকাল (শুক্রবার) রেজিগাত আদিবাসী দলের সেনারা নয়টি ল্যান্ড ক্রুজার গাড়িতে এসে পশ্চিম দারফুরের গারসিলার উত্তরে কানকুলা গ্রামের মাইসেরিয়াদের ওপর হামলা করে।"
তিনি বলেন, "সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন ধরে সংঘর্ষ চলে।"
আদিবাসী এ নেতা আরো জানান, দুই দলের সংঘর্ষে মাইসেরিয়ার ২১ সদস্য ও রেজিগাতের ২৭ সদস্য নিহত হয়েছে।
তবে এ বিষয়ে রেজিগাত আদিবাসীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র ক্রিস চিমানিক জানান, ঐ অঞ্চলে শান্তিরক্ষী বাহিনীর একটি দল পাঠানো হয়েছে।
তিনি বলেন, "যে অঞ্চলে সংঘর্ষের খবর পাওয়া গেছে সেখানের কয়েকটি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন সংঘর্ষে ৪০ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৪৩৫ ঘ.
bdnews24