তেহরান, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পরমাণু কর্মসূচির বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞাকে শুক্রবার 'অবৈধ এবং অকেজো' আখ্যা দিয়েছে ইরান। একইসঙ্গে বিশ্বে পরমাণু অস্ত্র বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে তারা।
শুক্রবারের জুমার নামাজে কট্টরপন্থী এক ধর্মগুরুর পড়ে শোনানো বিবৃতিতে 'ইরানস সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল' বলেছে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ অবৈধ। এটি গ্রহণযোগ্য নয়। এ নিষেধাজ্ঞা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং এটি বাতিল হওয়া উচিত।
এতে আরো বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত অবিলম্বে অতীত ভুল শুধরানোর পদক্ষেপ নেওয়া।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ মাসে ইরানের ওপর নতুন করে চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। সঙ্গে সঙ্গেই এ নিষেধাজ্ঞাকে অকেজো বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইইউ এর বাড়তি নিষেধাজ্ঞা বড় ধরনের প্রভাব ফেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৩৬
bdnews24