লন্ডন, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মেক্সিকো উপসাগরের তেল দুর্ঘটনায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য বিপির কাছ থেকে মাত্রাতিরিক্ত ক্ষতিপূরণ দাবি না করার জন্য যুক্তরাষ্ট্রকে বুধবার সতর্ক করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বিস্ফোরিত তেলকূপ থেকে তেল ছড়িয়ে পড়ার পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্রিটিশ তেল কোম্পানী বিপি'র চেয়ারম্যানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের আগ মুহূর্তে ক্যামেরন এ হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, বিপি তেল বিপর্যয় ঠেকানোর চেষ্টা করাসহ ক্ষতিপূরণ দিতেও আগ্রহী। কিন্তু যে বিপর্যয় ঘটেছে তার চেয়ে বেশি ক্ষতিপূরণ যেন দাবি করা না হয়।
বিবিসি বেতারে ক্যামেরন বলেন, "বিপি'র সঙ্গে আলোচনা থেকে আমি জেনেছি যে, তারা তেলকূপের ছিদ্রে ছিপি লাগানো, তেল পরিস্কার করা এবং ক্ষতিগ্রস্ত হোটেল মালিক, জেলে ও অন্যান্যদের যথাসম্ভব ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক।"
তিনি আরো বলেন, যথাযথ ক্ষতিপূরণ দেওয়াটা গুরুত্বপূর্ণ। আর বিপি নিজে থেকেই এতে রাজি হওয়ায় এ ক্ষতিপূরণের মাত্রা সম্পর্কে তাদের নিশ্চয়তা দরকার। এ দাবি যাতে তিন-চার গুণ বেশি না হয়- বিপি এ বিষয়টি নিয়ে চিন্তিত।
বিপির পাশে দাঁড়াতে ক্যামেরন জনগণের তীব্র চাপের মুখে আছেন। অধিকাংশ ব্রিটিশই মনে করে মার্কিন প্রশাসন বিপির প্রতি খুব কঠোর আচরণ করছে।
মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে ওবামা তেল ছড়িয়ে পড়ায় পরিবেশ ও অন্যান্য ক্ষতি পুষিয়ে নিতে বিপি'র কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কথা বলেছেন।
বিপির কর্মকর্তারা ইতোমধ্যেই ওবামার সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন। এ বৈঠকেই ক্ষতিপূরণ দাবি করার কথা রয়েছে ওবামার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএন/এলকিউ/২১৪৭ ঘ.
bdnews24