ওয়াশিংটন, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)---- মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির জন্য ব্রিটিশ তেল কোম্পানীর কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার বিপির নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ দাবি জানাবেন।
মঙ্গলবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ওবামা বলেন, বিপিকে তার অপরিণামদর্শীতার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
হোয়াইট হাউসে বুধবার বিপির চেয়ারম্যান কার্ল হেনরিক স্যানবার্গের সঙ্গে বৈঠকে ওবামা বিষয়টি নিয়ে কথা বলবেন এবং জানিয়ে দেবেন, যে করেই হোক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া তেল ঠেকাতে বিপির ব্যর্থতার কারণে যে সমস্ত ব্যবসায়ী মালিক ও কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ হিসাবে বিপি'র চেয়ারম্যানকে তহবিল গঠনের প্রস্তাব মেনে নেওয়ার নির্দেশ দেবেন তিনি।
ওবামা বলেন, ক্ষয়ক্ষতির হিসাব-নিকাশ করেই ওই তহবিল নির্ধারণ করতে হবে এবং তহবিলের নিয়ন্ত্রণ থাকবে নিরপেক্ষ একটি তৃতীয় পক্ষের হাতে, বিপির হাতে নয়। যাতে সময়মতো এবং সুষ্ঠুভাবে সব দাবি মিটে যায়।
ওদিকে, বিপি এক প্রতিক্রিয়ায় বলেছে, আমরাও তেলকূপ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার পাশাপাশি ছড়িয়ে পড়া তেল পরিস্কার করে জনগণ ও পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব হ্রাস করতে চাই। যেমনটি প্রেসিডেন্ট চাইছেন।
মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণের ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয় আখ্যা দিয়েছেন ওবামা। তিনি বলেন, এটি আমাদের উপকূলে হামলার মতো ব্যাপার।
এ বিপর্যয় সামাল দিতে গিয়ে যুক্তরাষ্ট্রে ওবামার বেকারত্ব কমানোর কর্মসূচি থেকে সরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তার প্রেসিডেন্সির জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনমত জরিপে দেখা গেছে, বেশির ভাগ মার্কিনিই ওবামার তেল বিপর্যয় সামাল দেওয়ার পদ্ধতিতে সন্তুষ্ট নয়।
সেকারণে পুরো ঘটনার জন্য বিপিকে দায়ী করার পাশাপাশি তাদের কাছ থেকে সমস্ত ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া এবং তেল পরিস্কার কর্মসূচির জন্য বিপুল অঙ্কের ক্ষতিপূরণের নিশ্চয়তা চাইছেন ওবামা।
তেল দুর্ঘটনা মানুষের প্রযুক্তির সীমাবদ্ধতাকে পরীক্ষার মুখে ফেলেছে উল্লেখ করে ওবামা বলেন, এ ঘটনা জীবাশ্ম জ্বালানির ওপর থেকে যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
জীবাশ্ম জ্বালানিমুক্তির জন্য তিনি জাতীয় পর্যায়ে নতুন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। মার্কিন প্রতিনিধি পরিষদ ইতোমধ্যেই জ্বালানি সংস্কার বিল পাস করলেও সিনেটে বিলটি তীব্র বিরোধিতার মুখে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর/বিসিএস/এলকিউ/১৭১৪ ঘ.
bdnews24