আন্দিজান, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-উজবেকিস্তানে আশ্রয় নেওয়া কিরগিজ শরণার্থীদের জন্য বুধবার প্রথম বিদেশি ত্রাণবাহী বিমান পৌঁছেছে। অন্যদিকে মঙ্গলবারও কিরগিজস্তানে গোলাগুলি হয়েছে বলে জানা গেছে।
উজবেকিস্তানের পূর্বাঞ্চলীয় আন্দিজান শহরে ত্রাণের প্রথম বিমানটি অবতরণ করেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান।
দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখার কর্মকর্তারা বিমানবন্দরে এএফপি প্রতিনিধিকে জানান, এ ত্রাণ জাতিসংঘের শরণাথী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর কার্যালয় থেকে পাঠানো হয়েছে।
ত্রাণবাহী বিমানটি কিরগিজ শরণার্থীদের জন্য প্রায় ৮শ' তাঁবু নিয়ে এসেছে। দিনের অন্য কোনো সময়ে আরো ত্রাণ সামগ্রী নিয়ে দুটি বিমান আসবে বলে আশা করা হচ্ছে।
শরণার্থীদের মধ্যে জরুরি ভিত্তিতে এসব ত্রাণ বিতরণের উদ্দেশ্যে বিমানবন্দরের বাইরে বেশ কয়েকটি ট্রাক অপেক্ষা করছে।
কিরগিজস্তানের ওশ ও জালালাবাদে কিরগিজ ও উজবেকদের মধ্যে জাতিগত সহিংসতায় ৭৫ হাজারেরও বেশি শরণার্থী উজবেকিস্তানে আশ্রয় নিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অন্যদিকে, কিরগিজস্তানে মঙ্গলবারও নতুন করে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। আতঙ্কিত হাজার হাজার মানুষ জাতিগত এ দাঙ্গা থেকে বাঁচতে উজবেক সীমান্তের দিকে ছুটছে।
জাতিসংঘ বিশেষজ্ঞরা দ্রুত এ সহিংসতা বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং পলায়নরত নারী, শিশু ও বৃদ্ধদের সমস্যাগুলোকে তুলে ধরেছেন।
এএফপির প্রতিবেদক ওশ শহরের কেন্দ্রস্থলে বেশ কয়েক রাউন্ড গোলাগুলির শব্দ ও অসংখ্য বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
তবে কোন জায়গা থেকে গুলি করা হচ্ছে এবং তা কোথায় আঘাত করছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্টভাবে জানা যায়নি।
'পরিস্থিতি শান্ত হয়ে আসছে' কিরগিজ সরকারের এমন দাবির পরই নতুন করে গোলাগুলির খবর পাওয়া গেল।
এপ্রিলে প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিরোধী দলীয় নেতা রোজা ওতুনবায়েভা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। ওতুনবায়েভা এমন পরিস্থিতিতে বিদেশি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বানকে নাকচ করে দিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, "শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কোনো প্রয়োজন নেই।"
সহিংসতা স্থিমিত হয়ে আসছে জানিয়ে তিনি বলেন, "আমাদের নিজস্ব বাহিনীর সহায়তা দিয়েই এ পরিস্থিতি সামলাবো।"
কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, পাঁচদিন ধরে চলা এ সহিংসতার কারণে আদিবাসী উজবেক ও তাজিকরা ওশ ও জালালাবাদ থেকে স্রোতের মতো উজবেকিস্তানে গেছে। এ সহিংসতায় কমপক্ষে ১৭৮ জন নিহত ও ১ হাজার ৮৬৬ জন আহত হয়েছেন।
তবে 'ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস' জানিয়েছে এ সহিংসতায় কয়েকশ' লোক নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৯ঘ.
bdnews24