২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের প্রমাণ আদালতে উপস্থাপনের আহ্বান শ্রীলঙ্কার

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় সংঘঠিত যুদ্ধাপরাধের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে তথ্যপ্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী গোটাভায়া রাজাপাকসে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 09:04 AM

Updated : 25 Aug 2022, 12:14 PM

কলম্বো, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় সংঘঠিত যুদ্ধাপরাধের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে তথ্যপ্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী গোটাভায়া রাজাপাকসে । সিংহলি ভাষার লঙ্কাদ্বীপ সংবাদপত্রে তিনি বলেছেন, যারা যুদ্ধাপরাধের কথা তুলেছেন, তাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে সেগুলো স্বনামধন্য শ্রীলঙ্কার বিচার বিভাগে উপস্থাপন করতে পারেন। এমনকি তারা কৌসুলির সাহায্য নিতে পারেন এবং পুলিশকেও জানাতে পারেন। গত বছর তামিল টাইগার বিদ্রোহীদের সাথে যুদ্ধের শেষদিকে হাজার হাজার বেসামরিক তামিল নাগরিককে মেরে ফেলার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি করা হলে শ্রীলঙ্কা বার বার তা প্রতিরোধ করে আসছে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমি যুদ্ধাপরাধের প্রমাণ দেওয়ার জন্য তাদের কাছে আহ্বান জানাচ্ছি। গণমাধ্যমে ছবি বা ভিডিও দিলে তো কিছু হবেনা। আমাদের প্রতিষ্ঠিত আইনি ব্যবস্থা আছে এটাকে ব্যবহার করা উচিৎ। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের এক শীর্ষ উপদেষ্টা লিন পাসকো এবং জাপানের এক শীর্ষ দূত ইয়াসুশি আকাশির শ্রীলংকা সফরের আগ মুহূর্তে গোটাভায়া রাজাপাকসে এই মন্তব্য করেন। গৃহযুদ্ধে বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের হারানোর প্রায় এক বছর পর জাতিসংঘের দূতেরা চান ধীরে ধীরে তামিলদের সাথে বিরোধ মিটিয়ে ফেলুক শ্রীলঙ্কার। লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিআই) গেরিলারা তামিলদের নিজস্ব ভূখণ্ডের জন্য দীর্ঘদিন লড়াই চালিয়েছে। গৃহযুদ্ধ চলাকালীন শ্রীলঙ্কার সেনাবাহিনী প্রধান শরৎ ফনসেকা কোন ধরনের যুদ্ধাপরাধের ঘটনা অস্বীকার করেছেন। তবে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য যুদ্ধাপরাধ ট্রাইবুনাল গঠনে রাজি হয়েছেন তিনি । জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গত বছর শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় প্রায় সাত হাজার বেসামরিক তামিলকে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৪৫৫ঘ.