কারাকাস, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের তীব্র সমালোচক একটি টেলিভিশন চ্যানেলের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশের একটি আদালত।
ভেনেজুয়েলার মিডিয়া মুঘল, টিভি নেটওয়ার্ক 'গ্লোবভিশন' এর প্রেসিডেন্ট গুইলারমো জুলোয়াগার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
জুলোয়াগার কৌসুলি পার্লা জেমস বলেছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে গ্লোবভিশন প্রেসিডেন্টের বাসভবনে যায়। এসময় জুলোয়াগা ও তার ছেলে বাসায় ছিলেন না।
এটর্নি জেনারেল লুইজা ওর্তেগা সাংবাদিকদের বলেছেন, ২৪ টি গাড়ি অবৈধভাবে মজুদ করে রাখার অভিযোগে ২০০৯ সালের মে মাসে দায়ের করা এক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
নেদারল্যান্ডের আরুবা দ্বীপে এক অনুষ্ঠানে আপত্তিকর বক্তব্য রাখার অভিযোগে গত মার্চে তাকে গ্রেপ্তার করা করা হয়। তার বিরুদ্ধে প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে অপপ্রচার এবং অসত্য তথ্য প্রচার করার অভিযোগ আনা হয়।
রাজধানী কারাকাসের একটি আদালত তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
অন্যদিকে বৃহস্পতিবার ভেনেজুয়েলায় নতুন একটি সরকারি সংস্থা খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এই সংস্থা জাতীয় স্বার্থবিরোধী যে কোন তথ্য প্রচার বা প্রকাশ নিষিদ্ধ করা এমনকি কাঁটছাঁটও করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/
bdnews24