২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তক্ষয়ী সংঘর্ষের পর কিরগিজস্তানে জরুরি অবস্থা জারি

কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার জাতিগত সংঘাতে কমপক্ষে ১৪ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 09:29 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

বিশকেক, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার জাতিগত সংঘাতে কমপক্ষে ১৪ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দেশটির দক্ষিণাঞ্চলে শুক্রবার থেকে ২০ জুন পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাখমাতিল্লো আখমেদোভ বলেন, "শহরে গোলাগুলি বন্ধ হয়েছে এবং পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে।" তবে কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলীয় রাজধানী ওশে থেকে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী টেলিফোনে সেখানকার পরিস্থিতির বর্ণনা দেন। তারা জানান, সকালে গোলাগুলি চলছিল এবং হেলিকপ্টারগুলো নিচ দিয়ে উড়ছিল। নিউইয়র্ক ভিত্তিক হিউমান রাইটস ওয়াচের মধ্য এশিয়া বিষয়ক গবেষক আন্ড্রু বার্গ ওশে থেকে টেলিফোনে এএফপিকে জানান, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে তিনি তার গেস্ট হাউসে বন্দি হয়ে পড়েছেন, বেরুতে পারছেন না। তিনি বলেন, "আমি এ শহর ছেড়ে যেতে পারছি না। কোনো বিমান, কার বা অন্য কোনো পরিবহন চলাচল করছে না। এখনও গোলাগুলি চলছে। আপনার সঙ্গে কথা বলার সময়ও গুলির শব্দ শুনতে পেলাম এবং তা খুব বেশি দূরে নয়।" প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণাঞ্চলীয় শহরে কিরগিজ ও উজবেক গ্র"প দুটির মধ্যে বৃহস্পতিবার রাতভর সংঘর্ষ হয়েছে। এ সময় বন্দুক ও অন্যান্য অস্ত্র নিয়ে একদল মানুষ রাস্তায় নামে। তারা কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ওশের বিভিন্ন ভবন ও গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং দোকান ভাংচুর করে। স্থানীয় অধিবাসী আজামত উসমানভ এএফপিকে বলেন, "লাঠি ও পাথর নিয়ে প্রায় এক হাজার যুবক বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য ওশেতে জড়ো হয়। তারা দোকান ও ঘরবাড়ির জানালা ভাঙচুর করে, গাড়িতে আগুন লাগিয়ে দেয়। শহরে বিভিন্ন স্থানেও আগুন লাগিয়ে দেয়।" অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র আজিমবেক বেকনাজারোভ জাতীয় বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, স্পষ্টভাবে সংঘর্ষটি বেধেছে দুটি গ্র"পের মধ্যে এবং তা যথেষ্ট সংগঠিত। সরকারের মুখপাত্র পরিদ নিয়াজোভ এএফপিকে বলেন, শৃঙ্খলা রক্ষার জন্য ওশেতে সাঁজোয়া যান পাঠিয়েছে কর্তৃপক্ষ। তিনি বলেন, "১১ জুন থেকে ২০ জুন পর্যন্ত ওশ এবং এ জেলাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।" সরকারের মুখপাত্র আরো জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বোলোত চের ও প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল ইসসাকোভ ওশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এদিকে পুলিশের এক মুখপাত্র জানান, শৃঙ্খলা রক্ষায় পুলিশের বেশ কিছু ইউনিট পাঠানো হয়েছে সেখানে। গত এপ্রিল মাসে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ৮৭ জন মারা যায় এবং প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভকে ক্ষমতাচ্যুত হন। এরপরই বিদেশি ও আন্তর্জাতিক নেতারা দেশটিতে গৃহযুদ্ধের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫২৩ঘ.