তেহরান/দুশানবে, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞাকে 'ব্যবহৃত রুমাল যা ময়লার ঝুড়িতে ফেলা উচিত' হিসেবে আখ্যায়িত করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
তাজিকিস্তান সফরকালে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেন,"ডান ও বাম উভয় পক্ষ থেকেই আমাদের ওপর নিষেধাজ্ঞা আসছে। এগুলো আমাদের কাছে বিরক্তিকর মাছি ছাড়া আর কিছু নয়। আমাদের ধৈর্য আছে এবং এসব আমরা সফলতার সঙ্গে অতিক্রম করবো।"
তিনি আরো বলেন, "এ নিষেধাজ্ঞা মূল্যহীন। এটা ব্যবহৃত রুমালের মতো যা ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া উচিৎ।"
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালাচ্ছে বলে পশ্চিমা বিশ্বের অভিযোগের ভিত্তিতে দেশটির ওপর নতুন করে চতুর্থ দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ভিয়েনায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিয়োজিত ইরানি দূত নিরাপত্তা পরিষদের বুধবারের এ ভোটকে আরেকটি ভুলের অধ্যায় ও বিবেচনাহীন সিধান্ত আখ্যা দিয়ে তা নাকচ করে দেন। বিশ্বের পরাশক্তিগুলো তাদের এ ভুল সিধান্ত পুনর্বিবেচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ঊর্ধ্বতন এক পার্লামেন্ট সদস্য বলেন, ইরান আইএইএ'র সঙ্গে সহযোগিতার মাত্রাও বাড়াতে পারে। আইএইএ বিশ্বে পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত।
আইএইএ'তে নিয়োজিত ইরানি দূত আলি আসগর সোলতানি ভিয়েনায় বলেন, "কোনো ধরনের বাধা ছাড়াই আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবো। এক সেকেন্ডের জন্যও তা বন্ধ করা হবে না।"
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর চতুর্থ দফা নিষেধাজ্ঞা প্রস্তাবে ভোটাভুটি হয়। পরিষদের দুই অস্থায়ী সদস্য ব্রাজিল ও তুরস্ক ছাড়া সবাই নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৪২০ ঘ.
bdnews24