প্যারিস, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইংল্যান্ডে ধূমপানবিরোধী আইন প্রয়োগের প্রথম বছরেই হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেয়েছে ১২০০ মানুষ। ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজি) বুধবার একথা জানিয়েছে।
বিএমজি ইংল্যান্ডের হাসপাতালগুলোর জরুরি বিভাগে ভর্তি হওয়া রোগীদের ওপর গবেষণা চালিয়ে এ ফল পেয়েছে।
চার কোটি ৯০ লাখ মানুষের দেশে ২০০২ সালের জুলাই থেকে ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের ওপর তারা এ গবেষণা চালায়।
২০০৭ সালের ১ জুলাই দেশটিতে জনসমাগমস্থল, যেমন: রেষ্টুরেন্ট, বার ও কর্মস্থলগুলোতে ধূমপান নিষিদ্ধ করে আইন চালু করা হয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগের প্রথম বছরেই হার্ট অ্যাটাকের হার দুই দশমিক চার শতাংশ কমে এসেছে। এ হার উল্লেখযোগ্য বলে মনে করছেন গবেষকরা।
তাছাড়া এ আইনের ফলে ৬০ ঊর্ধ্ব নারী ও পুরুষরা বেশি উপকৃত হয়েছে বলেও জার্নালে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৫১ ঘ.
bdnews24