২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনার মধ্যেও উত্তরে ত্রাণ পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

যুদ্ধজাহাজ ডোবানোর ঘটনায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও বুধবার উত্তর কোরিয়ার জন্য শিশু খাদ্য বোঝাই দুটি ত্রাণবাহী জাহাজের চালান অনুমোদন করেছে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 09:28 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

সিউল, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- যুদ্ধজাহাজ ডোবানোর ঘটনায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও বুধবার উত্তর কোরিয়ার জন্য শিশু খাদ্য বোঝাই দুটি ত্রাণবাহী জাহাজের চালান অনুমোদন করেছে দক্ষিণ কোরিয়া। কোরিয়া একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, সর্বমোট ৩ লক্ষ ২০ হাজার ডলারের এই চালানে বিভিন্ন প্রতিষ্ঠানের গুঁড়ো দুধ এবং অন্যান্য সামগ্রী রয়েছে। চলতি মাসের শেষ দিকে এই চালান পাঠানো হবে। এ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দুই দেশের মধ্যে কোন দ্রব্য বিনিময় হয়না। যুদ্ধজাহাজ চেওনান ডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়া উত্তরের টর্পেডো হামলা কে দায়ী করেছে। মার্চ মাসের ওই জাহাজ ডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক প্রাণ হারিয়েছে। এরপর থেকে উত্তরের সাথে দক্ষিণ কোরিয়া সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে। তবে মানবিক কারণে দক্ষিণ কোরিয়া ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। এছাড়া গতকাল দক্ষিণ কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, যুদ্ধ জাহাজ ডোবানোর ঘটনায় উত্তর কোরিয়ার প্রতি জাতিসংঘের নিন্দা প্রস্তাবে চীনের সমর্থন চাইলেও দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা চায় না দক্ষিণ কোরিয়া। দরিদ্র উত্তর কোরিয়ায় তীব্র খাদ্য সংকট রয়েছে। জাতিসংঘের শিশু তহবিলের তথ্যানুসারে উত্তর কোরিয়ার প্রতি তিনজন শিশুর একজন অপুষ্টিতে ভোগে। তবে উত্তর কোরিয়া জাহাজ ডুবির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এ অভিযোগ যুদ্ধের দিকে মোড় নিতে পারে। অন্যদিকে, পৃথক আরেক ঘটনায় উত্তর কোরিয়ার কাছে যুদ্ধ পরিকল্পনা ও অন্যান্য গোপনীয়তা ফাঁস করে দেওয়ার অভিযোগে বুধবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক জেনারেলকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। কিম নামক ওই মেজর জেনারেলকে গ্রেফতার করতে সেনা কৌসুলিদের আদেশ দিয়েছে প্রতিরক্ষা নিরাপত্তা কমান্ড। ইয়োনহাপ বার্তা সংস্থা একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/এলকিউ/১৫২২ঘ.