ইসলামাবাদ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজধানী ইসলামাদের কাছে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর মালামাল সরবরাহকারী ট্রাকবহরে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতের ওই হামলার সময় বন্দুকধারীরা ৫০টিরও বেশি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
বুধবার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদের কাছে টারনলে একটি ট্রাক ডিপোতে পার্ক করে রাখা এসব ট্রাকে হামলা চালায় ১০ থেকে ১২ জন বন্দুকধারী।
পুলিশ কর্মকর্তা গুলাম মোস্তফা বলেন, "হামলায় সাতজন নিহত হয়েছে। তারা ৫০টিরও বেশি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিলো।"
টারনল পুলিশ স্টেশনের প্রধান শাহনেওয়াজ জানান, হামলাকারীরা রাত সাড়ে ১১টার দিকে ডিপোতে ঢুকে একের পর এক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। কীভাবে এ ঘটনা ঘটল তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায়ই ন্যাটোর মালামাল সরবরাহকারী গাড়িবহরে হামলা চালিয়ে থাকে তালেবান জঙ্গিরা। তবে ইসলামাদের কাছে এ ধরনের ঘটনা খুব কম ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১১৫৪ ঘ.
bdnews24