নয়া দিল্লি, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ভূপাল গ্যাস দুর্ঘটনা মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষ। ২৫ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ীদের মাত্র ২ বছরের সাজা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার ভারতের একটি আদালত ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কোম্পানি ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক কারখানায় গ্যাস ট্যাংক ছিদ্র হয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে মানুষের প্রাণহানির ঘটনায় ঐ কোম্পানির সাবেক সাত কর্মীর প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড দেয়।
বিক্ষুব্ধরা বলেন, দুর্ঘটনার ২৫ বছর পরের এ রায়ে ইউনিয়ন কার্বাইডের তৎকালীন চেয়ারম্যান মার্কিন নাগরিক ওয়ারেন এ্যান্ডারসন অভিযুক্তদের তালিকায় থেকেও কেন শাস্তি পাবে না?
ভারতের সংবাদপত্রগুলো এ রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
মেইল টুডে'র শিরোণামে বলা হয়েছে, "ভারতকে ধিক্কার।" আবার 'দ্য টাইমস অব ইন্ডিয়া'র প্রথম পাতায় এ বিষয়ে শিরোনাম করা হয়েছে, "বিলম্বের বিচার, বিচারে বঞ্চনা।"
'দ্য এক্সপ্রেস', 'দ্য টাইমস' এবং 'এনডিটিভি' সংবাদ চ্যানেল ইউনিয়ন কার্বাইডের তৎকালীন প্রধান নির্বাহী ওয়ারেন এ্যান্ডারসনকে উদ্দেশ্য করে বলে, "পালিয়ে যাওয়া সেই ব্যক্তি।" গ্যাস দুর্ঘটনার পর ওয়ারেন ভারত ত্যাগ করেন। আদালত তাকে ফেরারী উল্লেখ করে।
ওয়ারেন এখন নিউ ইয়র্কের সুবুরবানে বাস করছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল ইস্যু পরিচালক অড্রে গাউগ্রান বলেন,"কোম্পানিটির ভারতীয় কর্মীরা সাজা পেল। কিন্তু অভিযুক্ত থেকেও কেবলমাত্র ভারতের বাইরে থেকে সহজেই শাস্তি এড়িয়ে গেলেন এক বিদেশি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১১৬ ঘ.
bdnews24