জেরুজালেম, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-ইসরায়েলি একটি মানবাধিকার গ্র"প মঙ্গলবার বলেছে, অবরোধের আওতায় গাজায় এখনো প্রয়োজনীয় পণ্য সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।
'গিশা লিগাল সেন্টার ফর ফ্রিডম অব মুভমেন্ট' নামের মানবাধিকার গ্র"পটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালের জুন মাসে গাজায় ইসরায়েলি অবরোধ কঠোর করার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ সেখানে প্রয়োজনীয় ৪ সহস্রাধিক পণ্যের জায়গায় মাত্র ৯৭ ধরনের পণ্য প্রবেশ করতে দিচ্ছে। এর আগে সেখানে সব ধরনের পণ্য প্রবেশ করতো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজাবাসীর প্রাপ্ত ৯৭ টি পণ্যের তুলনায় ইসরায়েলের একটি আধুনিক বিপণীবিতানে ১০ থেকে ১৫ হাজার ভিন্ন ভিন্ন ধরনের পণ্য থাকে বলেও জানায় তারা।
ইসরায়েল বলছে, ২০০৬ সালের জুনে অবরোধ আরোপ করা হলেও পরের বছর জুনে হামাস সহিংসতার মাধ্যমে গাজার ক্ষমতা দখল করলে তা আরো কঠোর করা হয়। গাজার ১৫ লাখ মানুষের জন্য ত্রাণ পাঠাচ্ছে বলেও দাবি করে ইসরায়েল।
কিন্তু গিশার প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক উদ্দেশ্যে ব্যবহার হয় না এমন দ্রব্য যেমন: ভিনেগার, ধনে, আদা, কাগজ এমনকি সঙ্গীতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির মতো জিনিসও ইসরায়েল গাজায় পৌঁছতে দিচ্ছে না।
প্রতিবেদনে বলা হয়েছে, "ডায়াপার প্রস্তুতের জন্য প্রয়োজনীয় রাবার, আঠা ও নাইলোন গাজায় ঢুকতে না দিয়ে নিজেদের প্রস্তুত ডায়াপার সেখানে পাঠিয়ে ব্যবসা করছে ইসরায়েল।"
আবার মারজারিনের মতো খাদ্যদ্রব্য সামান্য পরিমাণে গাজায় যেতে দিলেও শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধের আগের মাসে ১০ হাজার ৪০০ ট্রাক পণ্য গাজায় ঢুকলেও বর্তমানে সেখানে মাসে মাত্র ২ হাজার ৩০০ ট্রাক পণ্য প্রবেশ করতে দেয় ইসরায়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৪৩ ঘ.
bdnews24