২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা আরোপ হলে আলোচনা বয়কটের হুমকি ইরানের

নতুন নিষেধাজ্ঞা আরোপ হলে ইরান পরমাণু আলোচনা থেকে বেরিয়ে যাবে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার ইস্তাম্বুলে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 10:13 AM

Updated : 25 Aug 2022, 11:52 AM

ইস্তাম্বুল, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)--- নতুন নিষেধাজ্ঞা আরোপ হলে ইরান পরমাণু আলোচনা থেকে বেরিয়ে যাবে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার ইস্তাম্বুলে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন। নিরাপত্তা পরিষদে সোমবার রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথে জাতিসংঘ আরো একধাপ এগিয়ে যাওয়ার পর আহমাদিনেজাদ পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনা বয়কটের এ হুমকি দিলেন। তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা যদি মনে করে থাকে নিষেধাজ্ঞা প্রস্তাবনার ডান্ডা ঘুরিয়ে পরে তারা আবার আমাদের সঙ্গে পরমাণু আলোচনায় বসবে তাহলে ভুল করবে। এমনটি কখনও ঘটবে না।" তিনি আরো বলেন, "যৌক্তিকতা এবং শ্রদ্ধা থাকলে আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলব। কিন্তু কেউ আমাদের সঙ্গে রূঢ়ভাবে কথা বলতে চাইলে কিংবা হম্বিতম্বি করলে এর পতিক্রিয়া ইতোমধ্যেই তারা জানা গেছে।" তুরস্ক ও ব্রাজিলের সঙ্গে ইরানের পরমাণু জ্বালানি বিনিময় চুক্তিকে একটি সুযোগ উল্লেখ করে আহমাদিনেজাদ বলেন, "এ সুযোগ বার বার আসবে না।" ইস্তাম্বুলে একটি আঞ্চলিক সম্মেলনে যোগদানকালে সাংবাদিকদের তিনি বলেন, "তারা এ সুযোগ কাজে লাগাবে বলে আমরা এখনও আশাবাদী। কিন্তু আমরা আবারো বলছি, এ সুযোগ বার বার আসবে না।" বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নতুন করে চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপ প্রস্তাবে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা কূটনীতিকরা। আহমাদিনেজাদ তার একদিন আগে এ কড়া বক্তব্য দিলেন। নতুন নিষেধাজ্ঞায় ইরানের আন্তর্জাতিক ব্যাংক একাউন্টগুলোর ওপর পুঙ্খানুপুঙ্খ নজরদারি এবং ইরানমুখী প্রতিটি পণ্যবাহী জাহাজে কড়া তল্লাশি চালানোর ব্যবস্থা থাকবে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬১০ ঘ.