চিলপানচিনগো, মেক্সিকো, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মেক্সিকোর দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে ৫৫টি লাশ উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য সংক্রান্ত সহিংসতার শিকার মানুষকে হত্যার পর এ খনিতে ফেলে দেওয়া হয় বলে গুয়েরোরো প্রদেশের কর্মকর্তারা জানান।
তারা বলেন, গত সপ্তাহে এলাকার এক পরিত্যক্ত খনির প্রবেশমুখের ১০০ মিটার গভীরে নিহতদের খোঁজ পাওয়া যায়।
স্থানীয় সরকারের এক মুখপাত্র আলবার্টিকো গুইনতো সিয়েরা সাংবাদিকদের বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে খনিতে প্রায় ২৫টি লাশ রয়েছে। কিন্তু শনিবার রাত নাগাদ এখান থেকে ৫৫টি লাশ উদ্ধার করা হয়েছে। আর এর মাধ্যমে আমাদের উদ্ধার কাজ শেষ হয়েছে।"
তিনি জানান, এটি হচ্ছে সবচেয়ে বড় গণকবরগুলোর মধ্যে অন্যতম যা এর আগে কখনও আবিষ্কৃত হয়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত লাশের মধ্যে মাত্র চারজনকে সনাক্ত করা গেছে। এর মধ্যে একজন হলেন কারাগারের প্রহরী। এতে করে মাদকপাচারকারীরা তাদের শত্র"দের মৃতদেহ খনিতে ফেলে দেয় বলে সন্দে জোড়ালো হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, সম্ভবত এক থেকে ছয় মাস আগে লাশগুলো এখানে ফেলা হয়েছে। উদ্ধারকৃত লাশগুলোর অধিকাংশকে সনাক্ত করতে তিন বা চার সপ্তাহ সময় লাগবে বলেও জানান তারা।
গুইনতো বলেন, নিখোঁজ আত্মীয়-স্বজনের মৃতদেহ পাওয়ার আশায় গত সপ্তাহে সারা দেশ থেকে ৫০ টিরও বেশি পরিবার গুয়েরেরোতে এসে জড়ো হয়েছে।
উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে ৪০টিকে গুয়েরেরোর রাজধানী চিলপানচিনগোর মর্গে রাখা হয়েছে।
প্রশান্ত মহাসাগরের সীমান্তবর্তী গুয়েরেরো রাজ্যটি মেক্সিকোর মাদক পাচারকারী দলগুলোর আধিপত্যের কারণে সহিংসপ্রবণ রাজ্যগুলোর মধ্যে অন্যতম। সরকারি হিসেব মতে, মাদক পাচারকারীদের মধ্যে সহিংসতায় গত তিন বছরে দেশটিতে ২২ হাজার ৭শ' এরও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫১ঘ.
bdnews24