হো চি মিন সিটি, ভিয়েতনাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক অবস্থাতেও আগামী বছরের শুরুতেই নির্বাচনের আয়োজন সম্ভব বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা।
ভিয়েতনামের হো চি মিন সিটিতে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে এসে রোববার এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, সহিংস কার্যক্রমগুলো বন্ধ করতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, মানুষ তা বুঝবে বলে আমি মনে করি।
এপ্রিল-মে মাসে থাইল্যান্ডে অভিজিত বিরোধী 'লাল শার্ট'দের সঙ্গে থাই নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে ৮৯ জন নিহত এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়।
৭ এপ্রিল রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারির পর থাইল্যান্ডের ২৩টি প্রদেশেও তা বলবৎ করা হয়।
ভেজ্জাজিভা বলেন, সবকিছু সুষ্ঠুভাবে চলার অপেক্ষায় রয়েছি আমরা। প্রদেশগুলোর গভর্নরদের উপর নির্ভর করছে কবে জরুরি অবস্থা শেষ হবে। তারা যখন মনে করবেন জরুরি অবস্থা ছাড়াই শাসনকাজ চালিয়ে নিতে পারবেন, তখনই জরুরি অবস্থা উঠিয়ে নেওয়া হবে।
তবে দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব কি না এমন এক প্রশ্নের উত্তরে ভেজ্জাজিভা বলেন, "নির্বাচন করা সম্ভব।"
তিনি আরো জানান, চলতি অর্থবছরের দ্বিতীয় ভাগে থাইল্যান্ডে প্রবৃদ্ধি হার ৬ শতাংশ পর্যন্ত বাড়বে। এর ফলে পুরো অর্থবছরের প্রবৃদ্ধির হারও প্রায় একই হবে বলে জানান অক্সফোর্ড ফেরত এই অর্থনীতিবিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪৩ঘ.
bdnews24