২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের জন্য আফ্রিকায় প্রথম উচ্চগতির ট্রেন

বিশ্বকাপ ফুটবলের দর্শকদের জন্য আফ্রিকা মহাদেশের প্রথম উচ্চগতি সম্পন্ন ট্রেন চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 05:20 AM

Updated : 25 Aug 2022, 11:50 AM

জোহানেসবার্গ, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বিশ্বকাপ ফুটবলের দর্শকদের জন্য আফ্রিকা মহাদেশের প্রথম উচ্চগতি সম্পন্ন ট্রেন চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। দেশটির প্রধান বিমানবন্দর থেকে বিশ্বকাপ দেখতে আসা যাত্রীদের জোহানেসবার্গে পৌঁছে দেবে ট্রেনটি। ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে তিন বিলিয়ন ডলার ব্যয়ে উচ্চগতির ট্রেন প্রকল্পটি হাতে নেওয়া হয়। শনিবার দেশটির গোওটেং প্রদেশের প্রধানমন্ত্রী নোমভুলা মোকোনিয়ানি সাংবাদিকদের বলেন, "বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা যা করেছে তার ইতিবাচক দিক হলো আগামী ১১ জুন থেকে ১১ জুলাইয়ের জন্য আমরা কিছু করতে পেরেছি।" তিনি আরো বলেন, "দক্ষিণ আফ্রিকার আগামী প্রজন্মের জন্য এটি একটি সম্পদ হিসেবে বিবেচিত হতে যাচ্ছে।" মাসব্যাপী বিশ্বকাপ ফুটবলের এ আয়োজনে প্রায় তিন লাখ দর্শক দক্ষিণ কোরিয়ায় আসবে বলে আশা করা হচ্ছে। আর এদের অধিকাংশই ওআর টাম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবে বলেও ধারণা করা হচ্ছে। নতুন এ ট্রেনের গতিসীমা হলো ঘন্টায় ১৬০ কিলোমিটার। ফলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্যাক্সিতে করে জোহানেসবার্গে পৌঁছতে যেখানে এক ঘণ্টা সময় লাগে সেখানে ট্রেনে করে যেতে ১৫ মিনিটেরও কম সময় লাগবে। বিমানবন্দর থেকে ছেড়ে আসা এ ট্রেনের সর্বশেষ গন্তব্য স্যান্ডটোন। আর এ পথের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ র‌্যান্ডস (১৩ ডলার, ১০ ইউরো) যা লন্ডন বা হংকং শহরের একই দূরত্বের ট্রেনের টিকিটের মূল্যের চেয়ে কম। আর জোহানেসবার্গ থেকে প্রিটোরিয়া পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য ৩৫ র‌্যান্ডস নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ট্রেনে থাকছে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা, ৪০০ জন নিরাপত্তা রক্ষী ও ৫০ জন পুলিশ কর্মকর্তা। এছাড়া শারীরিক প্রতিবন্দ্বীদের জন্য এবারই প্রথমবারের মতো ট্রেনে হুইল চেয়ারের ব্যবস্থাও থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১১৫ঘ.