২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি

ইয়েমেনে ডিসেম্বর হামলায় যুক্তরাষ্ট্র ক্লাস্টার বোমা নিক্ষেপ করে। এতে ৫৫ জন মারা যান, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক। সোমবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 04:26 AM

Updated : 25 Aug 2022, 11:50 AM

লন্ডন, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইয়েমেনে ডিসেম্বর হামলায় যুক্তরাষ্ট্র ক্লাস্টার বোমা নিক্ষেপ করে। এতে ৫৫ জন মারা যান, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক। সোমবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানায়। লন্ডন ভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি যুক্তরাষ্ট্র নির্মিত থমাক মিসাইল এবং অবিস্ফোরিত ক্লাস্টার বোমার আলোকচিত্র প্রকাশ করে। ওই বোমাগুলো গত বছরের ১৭ ডিসেম্বর ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের আল মাজালার হামলায় ব্যবহার করা হয়। অ্যামনেস্টির অস্ত্র নিয়ন্ত্রণ গবেষক মাইক লিইস জানান, "ইয়েমেনে এ ধরনের বোমা ব্যবহারের প্রমাণ পেয়ে অ্যামনেস্টি ভীষণ উদ্বিগ্ন।" "ক্লাস্টারের মতো বোমার একটি ভয়ঙ্কর বিপজ্জনক দিক হচ্ছে, এগুলো অবিস্ফোরিত অবস্থায় বছরের পর বছর জীবনের জন্য বিস্ফোরণের ঝুঁকি হয়ে থাকে।" অ্যামনেস্টির মধ্যপ্রাচ্যের উপ-পরিচালক ফিলিপ লুথার বলেন, "সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তারের চেষ্টার পরিবর্তে তাদের বিরুদ্ধে এ ধরনের সেনা হামলা আইনসিদ্ধ নয়।" ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখ না করে এ হামলার দায়িত্ব স্বীকার করে বলেন, এতে আল-কায়েদার প্রশিক্ষণ শিবিরে ২৪ থেকে ৩০ জনের মতো জঙ্গি নিহত হয়েছে। কিন্তু স্থানীয় কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, হামলায় ২৩ শিশু ও ১৭ নারীসহ ৪৯ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। অ্যামনেস্টি জানায়, ইয়েমেনের পার্লামেন্টারি কমিটি ফেব্র"য়ারিতে একটি প্রতিবেদন উপস্থাপন করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে, ১৪ আল-কায়েদা জঙ্গি এবং ১৪ নারী ও ২১ শিশুসহ ৪১ জন স্থানীয় অধিবাসী ওই হামলায় নিহত হয়েছেন। লুথার বলেন, "হামলায় অনেক নারী ও শিশু হতাহতের ঘটনায় এটাই প্রমাণিত হয় যে, এটি ছিল সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন একটি হামলা, যেখানে ক্লাস্টার বোমার মতো অস্ত্রও ব্যবহার করা হয়েছে।" অ্যামনেস্টি ইতোমধ্যে এ হামলা সম্পর্কে তথ্য সরবরাহের জন্য পেন্টাগনকে অনুরোধ জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পেন্টাগনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইয়েমেন এখনো পর্যন্ত ক্লাস্টার বোমার মতো অস্ত্র ব্যবহার নিষিদ্ধের চুক্তিতে স্বাক্ষর করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১০ঘ.